স্পিকারের সঙ্গে তিন দেশের প্রতিনিধির সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে আসা জাপান, বেলারুশ ও কিউবার প্রতিনিধি দলের প্রধানরা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাক্ষাতের সময় স্পিকার বলেন, ১৩৬তম আইপিইউ সম্মেলন আয়োজন বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সংসদ ও সহযোগী সংস্থা থেকে আসা প্রতিনিধিদের এ মিলন মেলা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে।
সাক্ষাতের সময় বাংলাদেশের সংসদীয় কার্যক্রম, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন তারা।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যুদ্ধের সময় জাপানের সহযোগিতার কথা স্মরণ করে স্পিকার বলেন, জাপান বাংলাদেশের স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
শিরীন শারমিন বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপানি বিনিয়োগকারীদের বিনিয়োগের আমন্ত্রণ জানান এবং পাটজাত দ্রব্য, তৈরি পোশাক শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি এবং চামড়া শিল্পে বিনিয়োগের আহবান জানান।
পরে শিরীন শারমিন বেলারুশের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সের্গেই রাখমানোভ এবং কিউবার পররাষ্ট্র বিষয়ক কমিশনের প্রধান ও আইপিইউ নির্বাহী কমিটির সদস্য মারিয়া ইয়োলান্দা ফেরের গোমেজের সঙ্গে বৈঠক করেন।
