২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বনানী থানার পাশে বিস্ফোরণের মতো শব্দে আতঙ্ক

রাজধানীর বনানী থানার দেয়াল ঘেঁষা একটি বৈদ্যুতিক খুঁটিতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যাতে আশপাশের এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 04:50 PM

Updated : 19 Aug 2022, 04:11 PM

বৃহস্পতিবার দুপুরের এ ঘটনার সময় আশপাশের লোকজনের মধ্যে বনানী থানায় হামলা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে; অনেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অফিসে ফোন করে ঘটনার সতত্য জানতে চায়।

তবে থানা ঘেঁষা ওই বৈদ্যুতিক খুঁটিতে ‘শর্ট সার্কিটের কারণে’ বিস্ফোরণের মতো শব্দ হয়েছিল বলে ঘটনার পরপর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বনানী থানার ওসি বিএম ফরমান আলী।

তিনি বলেন, “বেলা আড়াইটার দিকে থানার সামনে যে বৈদ্যুতিক খুঁটি আছে, সেখানে ভারি তারে স্পার্ক হয়। এরকিছু পরেই ফটফট করে বেশ কিছু শব্দ হয়, এবং ছোট বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়।”

থানায় ফোন করে অনেকেই তার কাছেও বিষয়টি নিয়ে জানতে চায় জানিয়ে এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান এ পুলিশ কর্মকর্তা।

ঘটনাস্থলে থাকা কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা মনে করেছিলেন থানার ভেতর কিছু হয়েছে। পরে জানা যায়, বিষয়টি বৈদ্যুতিক গোলযোগ।

সম্প্রতি দেশের বিভিন্নস্থানে জঙ্গি হামলা ঘটনার প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। বনানী থানায় গিয়েও সেই দৃশ্য চোখে পড়েছে। পরিচয় এবং কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত থানায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।