জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন
পাঁচ বছর পর নেতৃত্ব পরিবর্তন আনতে সম্মেলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে পায়রা উড়িয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ সম্মেলনের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তৃতায় সেতুমন্ত্রী ছাত্রলীগকে আদর্শবাদী ধারায় রাজনীতি করতে আহ্বান জানান। তিনি দুর্নীতি, সন্ত্রাস আর মাদক থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের দূরে থাকতে বলেন।
কাদের সম্মেলনের পর দ্রুততম সময়ের মধ্যে নতুন কমিটি দিয়ে দেওয়ার জন্যও কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি আহ্বান জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা বার কাউন্সিলের সভাপতি নজিবুল্লাহ হিরু, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাজিউদ্দিন রাজু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ও সভাপতি সাইফুর রহমান সোহাগ এসময় উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম।
২০১২ সালের ৩ অক্টোবর এই দুইজনকে নেতৃত্ব দিয়ে এক বছরের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন বছর পর সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পাচ্ছে ছাত্রলীগের অন্যতম এই বিশ্ববিদ্যালয় শাখা।
