২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবরের দুর্নীতির বিচারের পথ খুললো

বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 03:52 PM

Updated : 19 Aug 2022, 04:11 PM

এর ফলে নয় বছর ধরে আটকে থাকা এ মামলায় সাবেক এই বিএনপি নেতার বিচারের পথ খুললো। 

মামলাটি বাতিলে বাবরের করা আবেদন খারিজ করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয়।

আদালতে বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম রফিকুল হক তালুকদার রাজা। দুদকের পক্ষে ‍ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, “মামলা বাতিল চেয়ে লুৎফুজ্জামান বাবরের আবেদনটি খারিজ করে বিচারিক আদালতকে মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

জ্ঞাত আয়ের বাইরে সাত কোটি পাঁচ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার সম্পদ থাকার অভিযোগে ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় এ মামলা দায়ের করে দুদক।

পরে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত অভিযোগপত্র আমালে নিলে ওই আদেশ বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেন বাবর।

ওই অবেদনে হাই কোর্টের একটি বেঞ্চ ২০০৮ সালের অগাস্টে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করে।

সেই রুলের নিষ্পত্তি শেষে বৃহস্পতিবার বাবরের আবেদনটি খারিজ করে দিল আদালত।

দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবর একুশে অগাস্ট হামলা  চালিয়ে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলারও আসামি।