পূর্বাচল সড়কের দুপাশে ১০০ ফুট খাল খনন শুরু আগামী সপ্তাহে
রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচল ৩০০ ফুট সড়কের দুপাশে ১০০ ফুট চওড়া করে খাল খননের কাজ আগামী সপ্তাহে শুরু হতে পারে।
বুধবার পূর্বাচল উপশহর প্রকল্পের ১৪ নম্বর সেক্টরে খাল খনন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা জানান প্রকল্প কর্মকর্তারা।
অনুষ্ঠানে ২৫ জন ক্ষতিগ্রস্তকে চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপুর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, “ঢাকাকে বাঁচাতে, ঢাকা বন্যামুক্ত রাখতে এই খাল খনন করা খুবই জরুরি। এটা বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রীর আরেকটি স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।”
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক জানান, এ প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার মানুষ উপকৃত হবে।
“আমি খুব খুশি, কারণ আমার এলাকার মানুষ উপকৃত হবে। এ প্রকল্পের কাজ এগিয়ে নিতে প্রধানমন্ত্রী অনেক চাপ নিয়েছেন। তিনি সফল, অবশেষে এটার বাস্তবায়ন হচ্ছে।”
তবে এ খালের সুফল পেতে কুড়িল বিশ্বরোড এলাকায় পানি নিষ্কাশন পাইপ প্রশস্ত করা এবং কুড়িল ফ্লাইওভারের নিচের স্লুইচগেটে জমে থাকা কঠিন বর্জ্য অপসারণের পরামর্শ দেন আনিসুল হক।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর একনেক বৈঠকে এ প্রকল্প প্রস্তাব পাস হয়। সে সময় প্রকল্পটি সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় সরকার।
এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৫ হাজার ২৮৬ কোটি টাকা। প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ১৩ কিলোমিটার খাল, ১৩ কিলোমিটার সড়ক, ৩৯কিলোমিটার ওয়াকওয়ে, ৪টি ইউলুপ, খালের ওপর ১৩টি সেতু, ১৬টি পদচারী সেতু, প্রায় ১৩ কিলোমিটার সীমানা দেয়াল এবং ৫টি স্লুইসগেট নির্মাণ করা হবে। এ কাজের জন্য প্রায় ৯০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান, ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনসহ রাজউক, উত্তর সিটি করপোরেশনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুড়িল পুর্বাচল লিংক রোডের উভয় পার্শ্বে ১০০ ফুট চওড়া খাল খনন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নিজাম উদ্দিন আহমেদ জানান, আগামী সপ্তাহে খাল খননের কাজ শুরু হতে পারে।
“এ প্রকল্পের চূড়ান্ত নকশাটা প্রায় শেষ পর্যায়ে। এটা আগামীকালের দিকে আমরা পেতে পারি। এটা পেলে আগামী সপ্তাহে খাল খননের ফিজিক্যাল ওয়ার্ক শুরু করতে পারব। এটা খুব বালু নদীর দিক থেকে খনন শুরু হবে।”
