‘ভুয়া প্রশ্নপত্র’: অধ্যক্ষসহ তিন শিক্ষক রিমান্ডে
বিভিন্ন পাবলিক পরীক্ষার ‘ভুয়া প্রশ্নপত্র’ বিক্রি ও এ সংক্রান্ত প্রচারণার অভিযোগে গ্রেপ্তার অধ্যক্ষসহ তিন শিক্ষককে একদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
একই মামলায় গ্রেপ্তার এক শিক্ষক ও অফিস সহকারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া চার ছাত্রকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার তেজগাঁও থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সাতদিনের রিমান্ড চাইলে ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী তিন শিক্ষকের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই তিন শিক্ষক হলেন- আশুলিয়ার এএম গাজীর চক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোজাফ্ফর হোসেন, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের গণিতের শিক্ষক জাহাঙ্গীর আলম ও টঙ্গীর কোনিয়া কোচিং সেন্টারের শিক্ষক হামিদুর রহমান তুহিন।
তদন্ত কর্মকর্তা চার ছাত্রকেও সাতদিনের রিমান্ডে চাইলে মহানগর দায়রা জজের শিশু আদালতের বিচারক রুহুল আমীন সেই আবেদন নাকচ করেন।
গ্রেপ্তার এএম গাজীরচক উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আতিকুল ইসলাম এবং অফিস সহকারী আব্দুল মজিদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার রাতে তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে অধ্যক্ষ মোজাফ্ফরসহ এই নয়জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা বিভিন্ন নামে ফেইসবুক আইডি খুলে তাতে পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র পোস্ট করে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করত বলে মঙ্গলবার ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানায় পুলিশ।
