দেশত্যাগী দুর্নীতিবাজদের ফেরাতে ব্যবস্থা: দুদক চেয়ারম্যান
বিদেশে থাকা দুর্নীতিবাজদের ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
তিনি বলেন, “যেসব বড় বড় দুর্নীতিবাজ দেশ ছেড়ে পালিয়েছেন, দেশে আসলেই তাদের আইনের অধীনে আনা হবে।তাদের কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় সে বিষয়টিও খতিয়ে দেখছে কমিশন।”
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে ইকবাল মাহমুদ এ কথা বলেন।‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’ কর্মসূচির ধারাবাহিকতায় এ মানববন্ধন করা হয়।
দুদকের কার্যক্রম কোনোভাবেই শিথিল করা হয়নি দাবি করে ইকবাল মাহমুদ বলেন, “নিয়মিত জিজ্ঞাসাবাদ, মামলা দায়ের ও চার্জশিট অনুমোদন দেওয়া হচ্ছে।দুদক এমন কোনো সংস্থা নয়, যারা শুধু আসামিদের গ্রেপ্তার করবে।কোনো অভিযুক্ত আইন ভাঙলে তাকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করেন।তবে আইন মানলে দুদক কাউকেই গ্রেপ্তার করবে না।
“সমাজে দুর্নীতির পাশাপাশি নতুন উপসর্গ হয়ে এসেছে মাদক।জনশ্রুতি আছে এমন ১৬/১৭ জন মাদক সম্রাটের সম্পদের হিসাব আমরা চাইব।এগুলো অনুসন্ধান করা হবে এবং অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
মাদক ব্যবসায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারির সম্পৃক্ততা বা সহযোগিতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক চেয়ারম্যান।
অন্যদের মধ্যে দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক মো. শামসুল আরেফিন, মো. আতিকুর রহমান খান, মো. মইদুল ইসলাম, মো. আসাদুজ্জামান ও ফরিদ আহমদ মানববন্ধনে অংশ নেন।
