২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি কর্তৃপক্ষকে আইনি নোটিস বরখাস্ত শিক্ষক রিয়াজুলের

বরখাস্তের সিদ্ধান্তটি ‘অবৈধ’ হয়েছে দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিস পাঠিয়েছেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক রিয়াজুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2017, 08:44 PM

Updated : 19 Aug 2022, 04:09 PM

মঙ্গলবার ওই শিক্ষকের পক্ষে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন), উপ-উপাচার্য (শিক্ষা), রেজিস্ট্রার ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন বরাবর নোটিসটি পাঠান।

পাঠদানের সময় অপ্রাসঙ্গিকভাবে ‘অশ্লীল ছবি দেখানোর’ অভিযোগ অধ্যাপক রিয়াজুলের বিরুদ্ধে তার বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তোলার পর গত ২৮ ফেব্রুয়ারি তাকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

জ্যোতির্ময় বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে প্রক্রিয়ায় রিয়াজুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে তা অবৈধ। তাই বরখাস্তের ওই সিদ্ধান্তও অবৈধ।

“ডিসিপ্লিনারি কমিটি নিয়ম অনুসরণ না করেই অধ্যাপক রিয়াজুলকে সাময়িক বরখাস্ত করেছে। তাকে টেম্পরারি (সাময়িক) বরখাস্ত যখন করা হলো- কী কারণে করলো, কেন করলো তার কোনো ধরনের ব্যাখ্যা নাই। এছাড়া বরখাস্তের আগেও তাকে কিছু জানানো হয়নি।”

ব্যারিস্টার বড়ুয়া বলেন, অভিযোগের অনুলিপি পাওয়ার জন্য অধ্যাপক রিয়াজুল চেষ্টা করলেও তাকে তা দেওয়া হয়নি।

রিয়াজুল হক গত ১১ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বহু বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন উল্লেখ করে এই আইনজীবী বলেন, “ক্লাসে কী পড়ানো হয় তা নিয়ে কেউ কখনও কোনো ধরনের প্রশ্ন করেনি।

“তিনি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে তার বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।মিডিয়ার মাধ্যমে একজন শিক্ষককে কেন জানতে হবে, সেটা তো বিশ্ববিদ্যালয় জানাবে।”

রিয়াজুল হকের পাঠানো নোটিসের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিঠি এসেছে কি না, সেটা বলতে পারছি না। তবে আমার চোখে পড়েনি।”

পুরনো খবর:

‘অশ্লীল চিত্রে’ ক্লাস, ঢাবি শিক্ষক বরখাস্ত
‘উদ্বিগ্ন’ জেন্ডার স্টাডিজের শিক্ষকরা অধ্যাপক রিয়াজুলের শাস্তি প্রত্যাহার চান