ঢাকায় বসছে ফুলের মেলা
বসন্তের হাজারো ফুল নিয়ে ঢাকায় বসছে ফুলের মেলা।
বৃহস্পতিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট- ২০১৭’ এ এক হাজারের বেশি ধরনের ফুল প্রদর্শিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
ফ্লাওয়ার ফেস্টের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজকদের পক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আসেন ইনোভেশন অ্যান্ড ইনকিউভেশন সেন্টার ফর এন্টারপ্রাইজের (আইআইসিই) ব্যবস্থাপনা পরিচালক রিয়াজউদ্দিন মোশাররফ।
তিনি বলেন, এবারের মেলায় মোট ১৪টি প্যাভিলিয়ন ও ৩৩টির স্টলে থাকবে ফুলের সমাহার।
দেশের মহিলা ফুল চাষি ও উদ্যোক্তাদের সবার সামনে নিয়ে আসতে এবারের প্রদর্শনীতে একটি আলাদা বড় প্যাভিলিয়ন থাকছে।
বিশ্বে ফুল রপ্তানিতে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আবদুর রহিম বলেন, বর্তমানে দেশের ২৪টি জেলার প্রায় ১২ হাজার একর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। তবে উন্নতমানের প্যাকেজিং-গ্রেডিং, স্থায়ী পাইকারি বাজার, গবেষণাগারসহ ফুল রপ্তানি সংক্রান্ত কোনো নীতিমালা না থাকায় ফুল চাষি ও ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না।
ফুল উৎসবের এবারের আসরে অংশ নিচ্ছেন যশোরের ১৫ মহিলা ফুলচাষ। তাদের একজন ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রামের ফুলচাষি হাফিজা খাতুন হ্যাপি।
“ফুলচাষিরা দেশের ফুলের চাহিদা মিটিয়ে বিদেশে ফুল রপ্তানি করতে সক্ষম। আমাদের দাবি দেশের বাইরে থেকে ফুল যেন আমদানি করা না হয়।”
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিন জানান, এবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে 'কাট ফ্লাওয়ার- নন্দিনী'।
গোলাপ ও টিউলিপের সাথে সাদৃশ্যপূর্ণ 'উচ্চ ফলনশীল অথচ দৃষ্টিনন্দন এই ফুলের ৪০ থেকে ৪৫ জাতের প্রদর্শন হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সহ-সভাপতি এআর বাচ্চু খাঁ, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি আশফাক আহমেদসহ যশোরের ফুল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে, যা চলবে শনিবার পর্যন্ত।
