চট্টগ্রামে হাসপাতাল চালু করল ভারতের ফরটিস
চট্টগ্রামে সর্বাধুনিক হৃদরোগ হাসপাতাল চালু করেছে ভারতের প্রখ্যাত কার্ডিয়াক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফরটিস এসকর্টস হার্ট ইন্সটিটিউট ও এএফসি হেলথ লিমিটেড।
শনিবার চট্টগ্রামের ওআর নিজাম রোডের শেভরন ল্যাবরেটরিজ ভবনে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান এবং ভারতের ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের চেয়ারম্যান অশোক শেঠ হাসপাতালটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, ৫২ শয্যার হাসপাতালটিতে দুইটি অত্যাধুনিক ক্যাথ ল্যাব ও চট্টগ্রাম শহরের প্রথম মড্যুলার অপারেশন থিয়েটার রয়েছে।
এছাড়াও আন্তর্জাতিকমানের ইমার্জেন্সি সেবা কেন্দ্র, সিসিইউ, আইসিসিইউ ও ডায়ালাইসিস সেন্টারে ২৪ ঘণ্টা সেবা দেওয়া হবে।
হাসপাতালটি চট্টগ্রাম ও আশপাশের জেলাগুলোর হৃদরোগীদের জন্য ওয়ান-স্টপ সেবা কেন্দ্র হিসেবে কাজ করবে বলে উদ্যোক্তারা আশা করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার, এএফসি হেলথ লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা কামাল, ফরটিস এসকর্টস দিল্লির জোনাল ডিরেক্টর সোমেশ মিত্তাল, এএফসি হেলথের কনসালটেন্ট, চিকিৎসকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
