২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজিৎ হত্যার প্রতিবেদন জমা ২৬ এপ্রিল

বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবার পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2017, 12:12 PM

Updated : 19 Aug 2022, 04:09 PM

সোমবার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মহানগর হাকিম গোলাম নবী ২৬ এপ্রিল নতুন দিন ঠিক করেন।

আদালত পুলিশের এসআই মো. মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার নিয়ে অভিজিৎ রায় হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ ২৪ বার পেছালো।

একুশে বইমেলা চলাকালে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বের হওয়ার পর মাত্র কয়েকশ গজ দূরে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের টিএসসির কাছে ফুটপাতে কুপিয়ে হত‌্যা করা হয় অভিজিৎ রায়কে। ওই সময় তার সঙ্গে থাকা স্ত্রী বন‌্যা আহমেদও হামলার শিকার হয়ে একটি আঙুল হারান।

পদার্থবিদ অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ থাকতেন যুক্তরাষ্ট্রে। লেখালেখির কারণে জঙ্গিদের হুমকির মুখেও বইমেলা অংশ নিতে দেশে এসেছিলেন তিনি।

অভিজিতের বাবা ওই ঘটনার পর শাহবাগ থানায় যে মামলা করেছেন, তাতে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। আবুল বাসার নামে একজন জামিনে রয়েছে বলে নথিপত্র থেকে জানা যায়।

কারাগারে থাকা আসামিরা হলেন- মো. তৌহিদুর রহমান গামা, শফিউর রহমান ফারাবী, সাদেক আলি মিঠু, আমিনুল মল্লিক, জুলহাস বিশ্বাস, মো. জাফরান হাসান ও মান্না ইয়াহিয়া ওরফে মান্না রাহী।

তবে এসআই মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলায় আবুল বাসার জামিনে থাকলেও অন্য মামলায় কারান্তরীণ অবস্থায় সম্প্রতি মারা গেছেন।