২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের ‘ইতিবাচক সব খবর’ বর্জন করবে ঢাবি সাংবাদিক সমিতি

বিজয় একাত্তর হলে সাংবাদিক ইমরান হোসেনের ওপর হামলায় ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় সংগঠনটির সব ইতিবাচক সংবাদ ও কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2017, 11:12 PM

Updated : 19 Aug 2022, 04:03 PM

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্যাডে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, “এই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।”

সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদের পরিচালনায় বৃহস্পতিবার রাতে এক জরুরি সাধারণ সভায় ছাত্রলীগের এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোমবার রাতে বিজয় একাত্তর হলের বিভিন্ন কক্ষে নিজেদের কর্মী তুলতে শিক্ষার্থীদের বাধা পেয়ে প্রাধ্যক্ষের কক্ষে ভাংচুর ও বিক্ষোভ করেন হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা।

এক পর্যায়ে সংগঠনের নেতাদের কথায় বিক্ষোভ থেকে সরলেও শেষ রাতের দিকে ইউএনবির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসেনকে হলে মারধর করেন তারা।

ছাত্রলীগের ১০/১৫ জন নেতাকর্মী পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায় অভিযোগ করে বুধবার এক বিবৃতিতে ওই হল কমিটি বিলুপ্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সাংবাদিক সমিতি।

ঘটনায় জড়িত দেখিয়ে ছাত্রলীগের পক্ষ থেকে যে চারজনকে বহিষ্কার করা হয় তাদের সম্পর্কে বিশ্ববিদ্যালয় সাংবাদিক নেতাদের ভাষ্য, এ ঘটনায় প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ছাত্রলীগ বানিয়ে ‘বহিষ্কার’ করে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হয়েছে।

প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য দেওয়া আল্টিমেটাম পার হওয়ার পর সাংবাদিক সমিতির এক বৈঠকে সর্বসম্মতিক্রমে ছাত্রলীগের সব ইতিবাচক খবর বর্জন করার সিদ্ধান্ত হয় বলে বিবৃতিতে জানানো হয়।

পুরনো খবর:

ঢাবিতে সাংবাদিক মারধরে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বহিষ্কার দাবি