এসিড মামলায় ফাঁসির আসামির আপিলে রক্ষা
এক নারী ও এক শিশুকে অ্যাসিডে ঝলসে দেওয়ার মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের রায় হয়েছিল এক ব্যক্তির, আপিল করে তা থেকে রেহাই মিলেছে তার।
বৃহস্পতিবার হাই কোর্টের দেওয়া আপিলের রায়ে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তার ছয় বছরের কারাভোগকে শাস্তি হিসেবে গণ্য করা হয়েছে।
নিম্ন আদালতের বিচারক মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে আইনের ধারা প্রয়োগ ঠিকভাবে করেননি বলে আসামির আইনজীবী দাবি করেছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলেছেন, তারা হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর আব্দুর রাজ্জাকের মৃত্যুদণ্ড বাতিল করে রায়টি হয়েছে বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ থেকে।
আদালতে আসামির পক্ষে ছিলেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী বজলুর রশিদ ও দেলোয়ারা বেগম বেলা।
আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারিক আদালত এসিড অপরাধ দমন আইন, ২০০২ এর ৫ (ক) ধারায় আমার মক্কেলকে মৃত্যুদণ্ড দিয়েছিল।
“আইনের এ ধারাটিতে উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি কোনো এসিড দ্বারা অন্য কোনো ব্যক্তিকে এমনভাবে আহত করেন যাহার ফলে তাহার দৃষ্টিশক্তি বা শ্রবণশক্তি সম্পূর্ণ বা আংশিকভাবে নষ্ট হয় বা মুখমণ্ডল, স্তন বা যৌনাঙ্গ বিকৃত বা নষ্ট হয় তাহা হইলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অনূর্ধ্ব এক লক্ষ টাকার অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন।”
“কিন্তু ভিকটিম দুজনের এর কোনোটিই হয়নি। ফলে হাই কোর্ট মৃত্যুদণ্ড রহিত করে একই আইনের ৫ (খ) ধারা অনুযায়ী জরিমানা করেছে। একইসঙ্গে তার ৬ বছরের কারাবাস সাজা হিসেবে গণ্য করেছে,” বলেন আসামির আইনজীবী।
এসিড অপরাধ দমন আইনের ৫ (খ) এ বলা হয়েছে, শরীরের অন্য কোনো অঙ্গ, গ্রন্থি বা অংশ বিকৃত বা নষ্ট হয় বা শরীরের কোনো স্থানে আঘাতপ্রাপ্ত হন তাহা হইলে উক্ত ব্যক্তি অনধিক ১৪ বৎসর কিন্তু অন্যুন সাত বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অনূর্ধ্ব পঞ্চাশ হাজার টাকার অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন।
জরিমানা অর্থ তিন কিস্তিতে ‘ভিকটিম’ জরিনা বেওয়ার পরিবারকে দিতে আদালত নির্দেশ দিয়েছেন বলে জানান আলতাফ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামি আব্দুর রাজ্জাকের ডেথ রেফারেন্স বাতিল করেছে হাই কোর্টে। একইসঙ্গে আসামির আপিল ও জেল আপিল পরিমার্জন করে তা খারিজ করে দিয়েছে। ফলে বিচারিক আদালতে আসামির মৃত্যুদণ্ডের রায় বাতিল হয়েছে।”
আগামী রোববারই এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে বলে জানান তিনি।
মামলার বিবরণে জানা যায়, ভুরুঙ্গামারী থানার আন্ধারীঝাড় গ্রামের আব্দুর রাজ্জাক দুজন স্ত্রী থাকা অবস্থায় বিয়ে করেন একই গ্রামের হালিমা খাতুনকে। হালিমা খাতুন অত্যাচার সহ্য করতে না পেরে এক পর্যায়ে স্বামী আব্দুর রাজ্জাককে তালাক দেন।
এতে ক্ষিপ্ত হয়ে রাজ্জাক ২০১০ সালের ১৪ নভেম্বর গভীর রাতে হালিমা খাতুনের হতদরিদ্র বাবার বাড়ির টিনের ছাপড়া ঘরের শোলার বেড়া ছিদ্র করে এসিড নিক্ষেপ করেন।
ঘরে ওইদিন হালিমা না থাকায় এসিডে তার মা জরিনা বেওয়া ও ভাগ্নির শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
এ ঘটনায় একই বছরের ১৯ নভেম্বর জরিনা বেওয়ার ছেলে বাদী হয়ে ভুরুঙ্গামারী থানায় এসিড অপরাধ দমন আইনে মামলা করেন।
২০১১ সালের ২৬ জুন কুড়িগ্রামের এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাজেদুল করিম আসামি রাজ্জাককে মৃত্যুদণ্ড দেয় ও এক লাখ টাকা জরিমানা করে।
পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ডেথ রেফারেন্স হাই কোর্টে আসে এবং পাশাপাশি খালাস চেয়ে আপিল করেন আব্দুর রাজ্জাক।
