২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ দুটি গাড়ি জমা পড়ল শুল্ক গোয়েন্দা দপ্তরে

অভিযানে অবৈধ গাড়ি ধরা পড়ার মধ্যে কূটনৈতিক সুবিধার অপব্যবহার করে সচল দুটি গাড়ি জমা পড়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2017, 06:57 PM

Updated : 11 Oct 2022, 01:37 PM

বিএমডব্লিউ এবং ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি দুটি ব্যবহারকারী বৃহস্পতিবার সকালে স্বেচ্ছায় কাকরাইলে সংস্থার কার্যালয়ে জমা দিয়ে যায় বলে অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন।

গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।

শুল্ক গোয়েন্দারা জানান, গাড়ি দুটো বাংলাদেশের কোনো একটি বিদেশি দূতাবাসের নামে আমদানি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে কাস্টমস আইনের বিধান অনুযায়ী গাড়িগুলো সুষ্ঠুভাবে নিষ্পত্তি না করে এক ব্যবসায়ীর কাছে হস্তান্তর করেন। ওই ব্যবসায়ী ব্যবহার করলেও কাগজপত্রে যথাযথভাবে গাড়ির মালিকানা পরিবর্তন করেননি। তিনি অবৈধভাবে গাড়ি দুটো ব্যবহার করে আসছিলেন। 

কূটনৈতিক সুবিধার অপব্যবহারের করে সচল গাড়ি ধরতে শুল্ক গোয়েন্দাদের অভিযান শুরু হলে গাড়ি দুটো মিরপুর-১২ নম্বর সেকশনের একটি ওয়ার্কশপে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানান শুল্ক গোয়েন্দারা।

তারা বলেন, খবর পেয়ে যোগাযোগ করা হলে ওই ব্যবসায়ী তার প্রতিনিধির মাধ্যমে গাড়ি দুটো জমা দিয়ে যান।

গাড়ি দুটোর বর্তমান বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকা। 

এ বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মইনুল খান জানান।