ইকবালের স্ত্রী-সন্তানরা জামিন পেলেন হাই কোর্টে
তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ ডা. এইচ বি এম ইকবালের কারাবন্দি স্ত্রী ও ছেলে-মেয়েসহ চার জনকে ছয় মাসের জামিন দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
একইসঙ্গে এই মামলায় বিচারিক আদালতের সাজার রায়ের বিরুদ্ধে তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।
জামিন পাওয়া চারজন হলেন- ইকবালের স্ত্রী মমতাজ বেগম ডলি, ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল ও মঈন ইকবাল এবং মেয়ে নওরীন ইকবাল।
আদালতে ইকবালের পরিবারের সদস্যদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার; দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
খুরশীদ পরে সাংবাদিকদের বলেন, “গতকাল (বুধবার) তারা জামিনের আবেদনও করেছিল। কিন্তু তাদের আপিল শুনানির জন্য গ্রহণ না করায় আপত্তি জানিয়েছিলাম।
“আজ তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালত ছয় মাসের জামিন দিয়েছে।”
একই বেঞ্চ বুধবার আপিলের ক্ষেত্রে বিলম্ব মার্জনা চেয়ে এই চার জনের আবেদন মঞ্জুর করে।
সপ্তম সংসদে (১৯৯৬-২০০১) ঢাকার রমনা-তেজগাঁও আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ইকবাল প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান। তার ছেলে ইমরান ওই ব্যাংকের একজন পরিচালক। আরেক ছেলে মঈন ও মেয়ে নওরীন ও একসময় পরিচালনা পর্ষদে ছিলেন।
বিগত সেনা নিয়ন্ত্রত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৭ মে ইকবাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ মামলা করে দুদক।
পরের বছর ১১ মার্চ বিশেষ জজ আদালত এ মামলার রায়ে ইকবালকে ১৩ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানা করে। তার স্ত্রী ও সন্তানদের তিন বছর করে কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়।
ওই বছর ১৭ সেপ্টেম্বর ইকবালের ভাইয়ের আবেদনে হাই কোর্ট এ মামলায় জজ আদালতের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করে। ওই সাজা কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়।
ইকবালের আবেদনে ২০১১ সালের ১৮ জানুয়ারি হাই কোর্ট তাকে এ মামলা থেকে খালাস দেয়। কিন্তু আপিল বিভাগ গতবছর ইকবালের স্ত্রী-সন্তানদের আবেদন খারিজ করে দিলে ওই চারজনের সাজার বাধা কাটে।
এরপর গত ৮ মার্চ আদালতে আত্মসমর্পণ করেন ইকবালের পরিবারের দণ্ডপ্রাপ্ত চার সদস্য। সেদিনই জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠায় ঢাকার বিশেষ জজ আদালত।
