আপিলের অনুমতি পেলেন ইকবালের স্ত্রী-সন্তানরা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবালের কারাবন্দি স্ত্রী ও ছেলেমেয়েদের তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দিয়েছে হাই কোর্ট।
ইকবালের স্ত্রী মমতাজ বেগম, দুই ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল ও মঈন ইকবাল এবং মেয়ে নওরীন ইকবালের পক্ষে তাদের আইনজীবীরা বুধবার আপিলে বিলম্বের জন্য মার্জনার আবেদন করেন।
শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ তা মঞ্জুর করে।
আদালতে ইকবাল পরিবারের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, “আপিলের ক্ষেত্রে যে বিলম্ব হয়েছে তা মার্জনা চেয়ে ইকবালের পরিবারের সদস্যরা আবেদন করেছিলেন। আদালত বিলম্বের বিষয়টি মার্জনা করেছেন। এখন তারা আপিল করতে পারবেন।”
তিনি জানান, ইকবালে স্ত্রী ছেলে-মেয়েদের পক্ষে জামিনও চাওয়া হয়েছিল।
“আমি বিরোধিতা করেছি। তারা আপিল শুনানির জন্য গ্রহণের পর জামিন চাইতে পারে। আদালত তাদের জামিন দেয়নি। এখন যে কোনো সময় তাদের আবেদনটি গ্রহণযোগ্যতার শুনানির জন্য কার্যতালিকায় আসতে পারে।”
সপ্তম সংসদে (১৯৯৬-২০০১) ঢাকার রমনা-তেজগাঁও আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ইকবাল প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান। তার ছেলে ইমরান ওই ব্যাংকের একজন পরিচালক। আরেক ছেলে মঈন ও মেয়ে নওরীন ও একসময় পরিচালনা পর্ষদে ছিলেন।
বিগত সেনা নিয়ন্ত্রত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৭ মে ইকবাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ মামলা করে দুদক।
এ মামলায় হাই কোর্ট থেকে খালাস পান আওয়ামী লীগ নেতা ইকবাল
ওই বছর ১৭ সেপ্টেম্বর ইকবালের ভাইয়ের আবেদনে হাই কোর্ট এ মামলায় জজ আদালতের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করে। ওই সাজা কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়।
ইকবালের আবেদনে ২০১১ সালের ১৮ জানুয়ারি হাই কোর্ট তাকে এ মামলা থেকে খালাস দেয়। কিন্তু আপিল বিভাগ গতবছর ইকবালের স্ত্রী-সন্তানদের আবেদন খারিজ করে দিলে ওই চারজনের সাজার বাধা কাটে।
এরপর গত ৮ মার্চ আদালতে আত্মসমর্পণ করেন ইকবালের পরিবারের দণ্ডপ্রাপ্ত চার সদস্য। সেদিনই জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠায় ঢাকার বিশেষ জজ আদালত।
