ফের পুড়ল কড়াইল বস্তি
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে এক বছরের মধ্যে তৃতীয় দফা বড় ধরনের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কয়েকশ ঘর।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান, বুধবার রাত পৌনে ৩টার দিকে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে তাদের ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
প্রায় সোয়া পাঁচ ঘণ্টা চেষ্টার পর সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান মিজানুর।
ঘটনাস্থল থেকে বনানী থানার এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ৩টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছাতে শুরু করলেও সরু গলির কারণে তাদের কাজ শুরু করতে বিলম্ব হয়।
আগুনে বস্তির অধিকাংশ টিনের ঘর পুড়ে গেছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বস্তির একজন বাসিন্দা সাংবাদিকদের বলেন, রাত ২টার দিকে বস্তির একটি অংশে আগুন লাগার পর অল্প সময়ের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে।
আগুনে কেউ হতাহত হয়েছেন কি না তা জানাতে পারেননি পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা। অগ্নিকাণ্ডের কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গুলশান লেকের দুই তীরে দেড়শ একরের বেশি জমির ওপর বিশাল এলাকা নিয়ে এই বস্তিতে কয়েক লাখ লোকের বসবাস।
ওই জমির মূল মালিক বিটিসিএল আদালতের আদেশ নিয়ে ২০১২ সালে কড়াইলে জমি পুনরুদ্ধারের চেষ্টা শুরু করে। প্রথম দিনের অভিযানে শ চারেক ঘর উচ্ছেদ করা গেলেও দ্বিতীয় দিন হাজার হাজার বস্তিবাসী গুলশান-মহাখালী এলাকার সড়কে নেমে ওই এলাকা কার্যত অচল করে দেয়।
ঢাকার অভিজাত এলাকা গুলশান-বনানীর বুকের মধ্যে গড়ে ওঠা এই বস্তি পোশাক শ্রমিক, রিকশাচালকসহ ঢাকার নিম্ন আয়ের বহু মানুষের ঠিকানা। অবৈধভাবে গড়ে ওঠা ওই বস্তি মাদকের কারবারি ও অপরাধীদের একটি বড় আখড়া হিসেবেও পরিচিত।
