২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরের বন্ধুত্ব-বিশ্বাসকে এগিয়ে নেয়ার প্রত্যয়

বন্ধুত্বের যে শক্তিতে বাংলাদেশ-ভারত একাত্তরের রণাঙ্গনে লড়েছে, এক অনুষ্ঠানে সেই সময়কে স্মরণ করলেন মুক্তিযোদ্ধারা, সেই সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় শোনা গেছে ভারতীয়দের তরফ থেকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2017, 08:33 PM

Updated : 11 Oct 2022, 01:37 PM

বুধবার ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরে যে এই আয়োজন ছিল ভারত সরকারের পক্ষ থেকে ‘মুক্তিযোদ্ধা স্কলারশিপ স্কিম’র আওতায় ৬০০ জনকে চেক বিতরণের জন্য।

লাল সবুজে রাঙিয়ে তৈরি করা হয় ব্যানারের মূল অংশ। অনুষ্ঠানে শুরুতে অতিথিদের লাল সবুজ উত্তরীয় পরিয়ে দেন সাবেক তথ্য কমিশনার আজিজুর রহমান আজিজ ও মুক্তিযুদ্ধ একাডেমির উপদেষ্টা মুনিরুল হক।

আলোচনার পর বাংলাদেশ ও ভারতীয় জাতীয় সংগীত পরিবেশ করে ঋষিজ শিল্পগোষ্ঠী। তাদের পোশাকও ছিল লাল সবুজে তৈরি।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে নানা গানের সঙ্গে দুই দল শিক্ষার্থী নৃত্য নিয়ে আসেন। এক দলের পোশাকে ছিল লাল সবুজের সমারোহ। অন্য দলের পোশাকে ছিল ছিল ভারতীয় পতাকার রং।

পতাকা ‍নৃত্য নামে এই পরিবেশনার শেষের দিকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের এই শিক্ষার্থীদের দুই দল হাতে তুলে নেয় দুই দেশের পতাকা। তার দুই পতাকায় ক্রস তৈরি করে দুইজন দুইজন করে মঞ্চ ত্যাগ করেন তারা।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাঙালির জীবনে মার্চ মাসের গুরুত্ব তুলে ধরেন। একাত্তরে তিনিও পাকিস্তানের আনুগত্য ছেড়ে বাংলাদেশের পক্ষে নেমেছিলেন।

মুহিত বলেন, “এই মাস জুড়েই ছিল সাসপেনশন, ইনথুসিয়াজম। এই মাসেই আমাদের ওপর পাকিস্তানিরা আক্রমণ করে। আমরা মনে করেছিলাম, আলোচনাতেই সমস্যায় সমাধান হবে। কিন্তু এর মাঝেই তারা আক্রমণ করে। তারা ভুলে গিয়েছিল, আমরা সেই বাঙালি যারা ১৯৫৭ সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম।”

মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মাকে জানানোর উপর জোর দিয়ে তিনি বলেন, “সবচেয়ে কম বয়সী মুক্তিযোদ্ধার বয়সও ৫৫ হবে। শিগগিরই তারা সবাই পৃথিবী থেকে বিদায় নেবেন। অনেকে নিয়েছেন। এখন কাজ হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।

“আমাদের সন্তানদের বীরত্বের কাহিনী, আমাদের বন্ধুরা কীভাবে সাহায্য করেছে, সেই কাহিনী। ভারত সে সময় আমাদের ১ কোটি ২০ লাখ মানুষকে আশ্রয় দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে। এগুলো বলতে হবে। এতে লজ্জার কিছু নাই। সব দেশই স্বাধীনতার সময়,প্রয়োজনের সময় বন্ধুদের সহযোগিতা নিয়েছে।”

পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতীক বলেন, “এটা একটা বর্ণনাতীত অনুভূতি। এত এত রণাঙ্গনের মুক্তিযোদ্ধাকে পেয়ে কেবল গর্বিতই বোধ করছি না, ফিরে যাচ্ছি একাত্তরে। যে সময়ে আমরা সবাই তরুণ ছিলাম, হাতে ছিল অস্ত্র, সামনে শত্রু, সংকল্প ছিল বাংলাদেশকে মুক্ত করা।”

নানা অস্ত্রে সজ্জিত শক্তিশালী পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, “নানা জায়গায় পিছ হটতে হয়েছে। পেছন যেতে যেতে যখন দেখলাম, আরেকটু দূরে ভারতীয় সীমান্ত। তখনও জানতাম না, ভারত আমাদেরকে এভাবে আলিঙ্গন করবে। ভারত আমাদেরকে আশ্রয় দিয়েছে, অস্ত্র দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, প্রেরণা দিয়েছে।”

ঢাকায় ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বিভিন্ন অনুষ্ঠানে ইংরেজিতে বক্তব্য দিলেও এই অনুষ্ঠানে পুরো বক্তব্য দেন বাংলায়।

তিনি বলেন, “আপনারা জানেন যে, বাংলাদেশের মুক্তির জন্য বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনা একসাথে রক্ত দিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারত ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী সম্পর্কের বীজ বপন করেছিলেন। বর্তমানে বঙ্গন্ধুর কন্যা শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। আশা করছি, আমাদের এই সম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য থাকবে।”

মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে ভারতের প্রচেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে শ্রিংলা বলেন, ১০ হাজার ছাত্র-ছাত্রী ১৫ কোটি টাকা মূল্যমানের এই বৃত্তি পেয়েছে। এ বছর পেয়েছে ছয়শ শিক্ষার্থী।

স্বাগত ভাষণে মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান আবুল কালাম আজাদ মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তির দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়াতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, “যে ভারতের সহযোগিতায় আমরা একাত্তরে বাংলাদেশ পেয়েছি। সেখানে এক সময় স্লোগান দেওয়া হয়েছে, ‘রুশ-ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’। এই স্লোগান বাংলার মাটিতে আর কেউ যেন কোনোদিন দিতে না পারে।”

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম, কাজী রোজী, মেহজাবিন খালেদ, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান উপস্থিত ছিলেন।

অধ্যাপক আহমেদ রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ঢাকায় ভারতীয় হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জে এস নন্দা।