২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালক ছেলে, আরোহী রাষ্ট্রপতি

নিজের এলাকায় এই প্রথম গাড়িতে চড়ে বিভিন্ন উন্নয়ন কাজ ঘুরে দেখলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2017, 07:07 PM

Updated : 11 Oct 2022, 01:37 PM

হাওর বেষ্টিত কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় গাড়ি চলাচলের রাস্তা না থাকায় রাষ্ট্রপতির সফরের সময় সব সময় ইজিবাইকের ব্যবস্থা করা হত।

এলাকায় রাষ্ট্রপতি যতবারই যান, সবসময় রিকশা অথবা ইজিবাইকই থাকে তার বাহন।

Image
মঙ্গলবার অষ্টগ্রামে ব্যাটারিচালিত রিকশায় ঘোরেন রাষ্ট্রপতি

মঙ্গলবার অষ্টগ্রামে ব্যাটারিচালিত রিকশায় ঘোরেন রাষ্ট্রপতি

এবারই প্রথম অষ্টগ্রামে গাড়িতে চড়লেন স্বাধীনতার পর অংশ নেওয়া প্রায় প্রতিটি সংসদে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম থেকে প্রতিনিধিত্বকারী আবদুল হামিদ।

সাদা রঙের টয়োটা এসইউভিতে রাষ্ট্রপতির চালক হিসেবে ছিলেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মেদ তৌফিক।

আবদুল হামিদ রাষ্ট্রপ্রধান হওয়ার পর বড় ছেলে তৌফিক এখন সংসদে ওই এলাকার প্রতিনিধিত্ব করছেন।

রাষ্ট্রপতি সোমবার তিন দিনের সফরে কিশোরগঞ্জ যান। বুধবার বিকালে ঢাকা ফেরেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতি অষ্টগ্রাম-মিঠামইন-ইটনা সড়ক এবং অষ্টগ্রাম-বাজিতপুর অলওয়েদার সড়ক গাড়িতে চড়ে ঘোরেন।”

এবারের সফরসহ এর আগে বেশ কয়েকবার আবদুল হামিদ বলেছেন, ঢাকা থেকে সরাসরি গাড়িতে করে হাওর এলাকা সফর করার ইচ্ছা তার রয়েছে।

প্রেস সচিব জানান, যে গাড়িতে চড়ে তিনি অষ্টগ্রাম ঘুরেছেন সেটি স্থানীয় হাসপাতালের গাড়ি।