২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ জাদুঘরের পদযাত্রা

আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান ঘুরে সাভারের জাতীয় স্মৃতি সৌধ পর্যন্ত পদযাত্রা করবে মুক্তিযুদ্ধ জাদুঘর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2017, 07:03 PM

Updated : 19 Aug 2022, 04:02 PM

বাঙালি জাতির ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো ঘুরে দেখা কর্মসূচির মূল লক্ষ্য।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তথ্য জানান এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার।

তিনি জানান, ২৬ মার্চ ভোর ছয়টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে জগন্নাথ হল বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে পদযাত্রাটি ফুলার রোড হয়ে টিএসসির রাস্তা দিয়ে সোহরাওয়ারর্দী উদ্যানের শিখা চিরন্তন প্রদক্ষিণ করবে। পরে শাহবাগ হয়ে কাঁটাবন, সাইন্সল্যাব, পিলখানা ও জিগাতলা হয়ে শহীদ বুদ্ধিজীবী সৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হবে।

একাত্তরে পাকিস্তানি বাহিনীর নির্যাতন ক্যাম্প মোহাম্মদপুর শরীরচর্চা কেন্দ্র এবং রায়েরবাজার বধ্যভূমি থেকে আরও দুটি দল সেখানে মূল দলের সঙ্গে যোগ দেবে।

পরে বছিলা সেতুর নিচে অপেক্ষমান নৌকায় চড়ে বুড়িগঙ্গা হয়ে আমিনবাজার সেতু পার হয়ে সাদুল্ল্যাপুরের গোলাপ বাগান হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিয়ে দলটি স্মৃতিসৌধে পৌঁছাবে সন্ধ্যায়।

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, দীর্ঘ এই পদযাত্রায় সবাই হয়ত সবটা হাঁটতে পারবেন না, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে কেউ মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে কমপক্ষে দুইশ টাকা অনুদান দিয়ে হাঁটতে পারেন এক মাইল পথ। এছাড়া আরও ২০০ টাকায় কিনতে পারবেন একটি স্মারক টি-শার্ট।

“কেউ চাইলে নিজ উদ্যোগে পুরো পথ হাঁটতে পারেন, টাকা না দিয়েও পদযাত্রায় সঙ্গী হতে পারবেন যে কেউ।” 

এই পদযাত্রা প্রতিযোগিতা নয় বরং অনুভবের, শ্রদ্ধা-ভালোবাসার এমন মন্তব্য করে মফিদুল হক বলেন, “কেবল জাদুঘরের জন্য টাকা উত্তোলন এই কর্মসূচির উদ্দেশ্য নয় “

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক এবং অভিযাত্রী ইনাম আল হক উপস্থিত ছিলেন।