সেই তরুণীর অনাপত্তিতে তথ্যপ্রযুক্তি মামলায়ও সানির জামিন
মামলার বাদী স্ত্রীর দাবির তরুণীর অনাপত্তিতে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায়ও জামিন পেয়েছেন ক্রিকেটার আরাফাত সানি।
বুধবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাঈদুল ইসলাম ৫০ হাজার টাকা মুচলেকায় জাতীয় দলের এই ক্রিকেটারকে জামিন দেন।
নিজেকে সানির স্ত্রী হিসেবে দাবি করে আসা তরুণী জামিনে আপত্তি জানাননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আসামিপক্ষের আইনজীবী এম জুয়েল আহমেদ।
জুয়েল বলেন, কাঠগড়ায় দাঁড়িয়ে বাদী (তরুণী) বলেছেন, আরাফাত সানির সঙ্গে তার সমঝোতা হয়েছে। তখন বিচারক পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে তা লিখিতভাবে পেশ করার নির্দেশ দেন তরুণীকে। তিনি তা লিখিতভাবে জমা দেন।
এই আইনজীবী বলেন, “বিচারক বাদীকে বলেছিলেন, আরাফাত সানি তো আপনার সাথে ঘর করবে না। তখন বাদী নিরুত্তর ছিলেন। পরে তিনি বলেন, আসামি জামিন পেলে তার কোনো আপত্তি নেই।”
এর আগে ৯ মার্চ সেই তরুণীর জিম্মায় এই ক্রিকেটারকে নারী নির্যাতন দমন আইনের মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল আদালত।
সানির বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আরেকটি মামলা করেন এই তরুণী।
এই মামলায় সানির বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই বলে জানান আইনজীবী জুয়েল।
নিজেকে ‘সানির স্ত্রী’ দাবি করে ওই তরুণী চলতি বছরে ৫ জানুয়ারি মোহাম্মাদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে প্রথম মামলাটি করেন।
গত ২২ জানুয়ারি গ্রেপ্তারের পর আদালতে ক্রিকেটার আরাফাত সানি (ফাইল ছবি)
ওই মামলায় গত ২২ জানুয়ারি সাভার থানার আমিন বাজার থেকে সানিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। এরপর সানির বিরুদ্ধে যৌতুক আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরও দুটি মামলা করেন ওই তরুণী।
তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ২১ বছর বয়সী ওই তরুণী অভিযোগ করেছেন, আনুষ্ঠানিকভাবে স্ত্রী হিসেবে তাকে তুলে নেওয়ার জন্য চাপ দিলে গত বছর জুন মাসে সানি ফেইসবুকে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে মেসেঞ্জারে তাদের কিছু অন্তরঙ্গ ছবি পাঠান এবং নানাভাবে হুমকি দিতে শুরু করেন।
নারী নির্যাতন দমন আইনের মামলার আর্জিতে বলা হয়, ২০১৪ সালের ডিসেম্বরে আরাফাত সানির সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। ২০১৫ সালের ২৯ জুলাই সানি তার কাছে ২০ লাখ টাকা যৌতুক চান।
“ওই টাকা না দিলে সানি তার সঙ্গে ঘর সংসার করবেন না বলে জানান তার মা। তারপর সানি বাদীকে মারধর-গালিগালাজ করে বাসায় ফেলে চলে যায়।”
১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনে করা মামলায় ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগ আনা হয় সানির বিরুদ্ধে।
নারী নির্যাতন দমন আইনের মামলায় আরাফাত সানির মা নার্গিস আক্তারও আসামি। আদালত গত ২৩ ফেব্রুয়ারি তার জামিন মঞ্জুর করে।
