শিক্ষিকার হাত ভেঙ্গে দেওয়া যুবকের সাজা নিশ্চিতের নির্দেশ
চট্টগ্রামে স্কুলশিক্ষিকার দুই হাত ভেঙ্গে দেওয়া যুবকের সাজা ও আহত শিক্ষিকার সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
হামলাকারী যুবকের সর্বোচ্চ শাস্তির জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম খান।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনায় তিনি এ তথ্য জানান।
চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ডেঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকা মঙ্গলবার স্কুলে আসার পর তার পর হামলা চালান আহসান উল্লাহ টুটুল নামের এক যুবক। খন্তার আঘাতে শিক্ষিকার দুই হাত ভেঙ্গে যায়। পরে পুলিশ গ্রেপ্তার করে টুটুলকে।
আহত ওই শিক্ষিকা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনার পর পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাশ্ববর্তী জঙ্গলখাইন ইউনিয়নের বাসিন্দা ওই শিক্ষিকাকে স্কুলে যাওয়া আসার পথে প্রতিদিন উত্ত্যক্ত করতেন টুটুল।
বিষয়টি জানার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি করে নজরুল ইসলাম বলেন, “জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইতোমধ্যে হাসপাতালে গিয়ে ওই শিক্ষিকাকে দেখে এসেছেন। দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তির জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে বলেছি।”
এছাড়া বিদেশ সফরে থাকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হাসপাতাল পরিচালক ও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে ওই শিক্ষিকার সুচিকিৎসা নিশ্চিত ও হামলাকারীর শাস্তির ব্যাপারে নির্দেশ দিয়েছেন বলেও জানান নজরুল ইসলাম খান।
