‘এটিএম জালিয়াত চক্রের ১১ সদস্য’ আটক
ঢাকায় ‘আন্তর্জাতিক এটিএম কার্ড জালিয়াত চক্রের’ সন্দেহভাজন ১১ সদস্যকে আটকের কথা জানিয়েছে র্যাব।
র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১০ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।
অভিযানে বিপুল সংখ্যক জাল এটিএম কার্ড এবং কার্ড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তাররা হলেন- জালাল হোসেন সুমন (২৭), মো. শাহ আজিজ সোহেল (৩৬), নূরে আলম (৪৫), মো. রানা (৪৫), জহিরুল ইসলাম (৩৭), লুৎফর রহমান সুজন (৪২), মো. পারভেজ (২৩), মো. ওয়াহেদ (২০), আব্দুল আলী (৪০), জাহাঙ্গীর হোসেন (৪৫) এবং কামরুজ্জামান সুমন (৩০)।
র্যাব কর্মকর্তা মিজান জানান, গত ১০ মার্চ জান্নতুল ফেরদৌস নামে একজনের অভিযোগের ভিত্তিতে র্যাব ১০ জালিয়াতি চক্রটিকে গ্রেপ্তার করতে মাঠে নামে।
বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহের পর র্যাব মঙ্গলবার দুপুর থেকে বুধবার সকাল পর্যন্ত প্রায় ২১ ঘণ্টা টানা অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্নস্থান থেকে তাদের আটক করে।
গ্রেপ্তার ১১ জনের মধ্যে শাহ আজিজ সোহেল দীর্ঘদিন দুবাইতে কর্মরত ছিল জানিয়ে বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন থেকে তাকে ‘আইটি এক্সপার্ট’ বলে অভিহিত করা হয়
এতে জানানো হয়, দুবাই থাকাকালে এরিন লিমো নামে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সাথে সোহেলের পরিচয় হয়। ওই ব্যক্তির কাছ থেকেই ইন্টান্যাশনাল এটিএম ডেবিট-ক্রেডিট কার্ড জালিয়াতির বিষয়ে শিক্ষা নেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে বলা নহয়, দুবাইফেরত সোহেল প্রথমে রানার সঙ্গে সম্পর্ক গড়ে তুলে এবং তাকেই মূলত কাজে লাগায়। এই দুজনের কাছ থেকে কম্পিউটার, ল্যাপটপ, এটিএম ডেবিট-ক্রেডিট কার্ড চিপসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে।
আটক বাকিদের কাছ থেকে বিশেষ ধরনের প্রিন্টার, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, প্রায় এক হাজার সাদা কার্ড, কার্ড পাঞ্চ করার ছয়টি মেশিন উদ্ধার করা হয়।
এসব যন্ত্রের সাহায্যে কার্ড জালিয়াতির প্রক্রিয়াও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
এতে বলা হয়, বিদেশি কার্ড জালিয়াত চক্রটি ইন্টান্যাশনাল এটিএম কার্ড হ্যাকের পর পিন নম্বর সংগ্রহ করে। পরে সেই পিন নম্বর বাংলাদেশের এই চক্রের কাছে পাঠিয়ে দেয়। এরপর বিশেষ মেশিনের মাধ্যমে সেই পিন নম্বর দিয়ে কার্ড তৈরির পর টাকা তুলে নেয় বা বড়বড় শপিংমলের কার্ড পাঞ্চ করার মেশিনের (সুইপ মেশিন) মাধ্যমে পণ্য ক্রয় বা নগদ টাকা নিয়ে থাকে।
সুইপ মেশিনের মালিকারাও জড়িত রয়েছে জানিয়ে র্যাব জানায়,বাংলাদেশের এই চক্রটি মাসে ৫০ থেকে ৬০ লাখ টাকা লেনদেন করে থাকে।
র্যাব জানায়, আটকদের মধ্যে নূরে আলম এবং লুৎফর রহমান সুজনের ঘনিষ্ট সহযোগী হিসেবে পরিচিত ছয়জন একই অভিযোগে গত বছর ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হয়েছিল।
গত বছর ফেব্রুয়ারিতে ঢাকায় কয়েকটি ব্যাংকের এটিএম বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির পর টাকা লোপাটের ঘটনা জানাজানি হলে আলোড়ন সৃষ্টি হয়।
এরপর বাংলাদেশ ব্যাংক তদন্তে নামে। জানা যায়, ব্যাংকগুলোর ৩৬টি কার্ড ক্লোন করে ২০ লাখ ৬০ হাজার টাকা তুলে নিয়েছে জালিয়াতরা। ওই চক্র অন্তত ১২০০ কার্ডের তথ্য চুরি করে বলেও উঠে আসে তদন্তে।
পরে এটিএম বুথের সিসি ক্যামেরার ছবি দেখে এক জার্মান নাগরিক ও তিন ব্যাংক কর্মকর্তাসহ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পিওতর সেজেফান মাজুরেক নামের ওই বিদেশির দেওয়া জবানবন্দির ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে বলা হয়, এটিএমের বাইরে ব্যাংকিং চ্যানেল ও ক্রেডিট কার্ড জালিয়াতিতেও ওই চক্র জড়িত। তাদের হাতিয়ে নেওয়া অর্থের পরিমাণ কয়েক কোটি টাকা।
