২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটি বাড়ির মামলা আর ২০০ টাকা জরিমানা

নিম্ন আদালত, হাই কোর্ট, আপিল বিভাগেও মামলায় হেরে যাওয়ার পর রিভিউ করে রাজধানীর ধানমণ্ডিতে শত কোটি টাকারও বেশি মূল্যের একবিঘা জমির মালিকানা পেয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2017, 11:07 PM

Updated : 19 Aug 2022, 04:01 PM

এই মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মঙ্গলবার চূড়ান্ত রায় দিয়েছে। পাশাপাশি বাড়ির মালিকানার ভুয়া দাবিদার এক পুলিশ কর্মকর্তা ও প্রকৌশলীকে করা হয়েছে ২০০ টাকা করে জরিমানা।

পুলিশ পরিদর্শক মো. শাহিন ও প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রায়ের পরপরই জরিমানার টাকা আদালতে জমা দেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার সরকারের আপিল আবেদন মঞ্জুর করে এ রায় দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিবাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী ও শাহ মুনির শরীফ।

মামলার নথিপত্রে দেখা যায়, ধানমণ্ডি ৬ নম্বর সড়কের ৪০ নম্বর বাড়িটির মালিক হাকিম এস এ আলী ১৯৭১ সালে ভারতে চলে গেলে সরকার বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করে।

পরে পূর্ত মন্ত্রণালয় বাড়িটি সিরাজগঞ্জের তৎকালীন এমপি সৈয়দ হায়দার আলীকে ১৯৭২ সালের ১ জানুয়ারিতে মাসিক ৭০০ টাকা ভাড়া পরিশোধের শর্তে বরাদ্দ দেয়।

১৯৭৫ সালে পূর্ত মন্ত্রণালয় বাড়িটি ফেরত নিয়ে নাজমা মজিদকে বরাদ্দ দেয়। এরপর থেকে নাজমাই নিয়মিত ভাড়া পরিশোধ করে বসবাস করে আসছিলেন।

১৯৮২ সালে হোসেনে আরা বেগম নামে এক নারী বাদী হয়ে ঢাকার সাব জজ আদালতে একটি মামলা করেন। সম্পত্তিটির মূল মালিক হাকিম এস এ আলীকে মৃত দেখিয়ে তার উত্তরাধিকার হিসেবে নাজনীন বেগম, রানা আলী ও ফারজানা আলী হাকিমকে দেখানো হয়।

কিন্তু বাস্তবে হাকিম এস এ আলীর কোনো উত্তরাধিকার না থাকায় বিবাদীরা মামলাটি প্রতিদ্বন্দ্বিতা করেনি। এ নিয়ে পরবর্তীতে একাধিক মামলা হয়।

সর্বশেষ মোয়াজ্জেম হোসেন পুলিশ পরিদর্শক শাহিনের নামে একটি পাওয়ার অব অ্যাটর্নি (আম-মোক্তারনাম) তৈরি করেন। এতে মূল মালিক এস এ আলীকে মৃত দেখিয়ে তার উত্তরাধিকাররা ভারতের পশ্চিমবঙ্গে থাকেন উল্লেখ করে বাড়িটির মালিকানা শাহিনকে দেখানো হয়।

মামলায় নিম্ন আদালত ২০০০ সালের ২ মে বাদীপক্ষে রায় দেয়। এ রায়ের বিরুদ্ধে সরকার হাই কোর্টে আপিল করে। হাই কোর্ট সরকারের আবেদন খারিজ করে ২০০৫ সালে রায় দেয়।

এরপর সরকার হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে (লিভ টু আপিল) আবেদন করে আপিল বিভাগে। আপিল বিভাগও সরকারের আবেদন খারিজ করে দেয়।

এরপর সরকার রিভিউ আবেদন করলে আদালত ২০১১ সালের ২৯ এপ্রিল রিভিউ আবেদন গ্রহণ করে আপিল করার অনুমতি দেয়। এরপর সরকার আপিল করে।

আপিলের শুনানিকালে আম-মোক্তারনামা নিয়ে আদালত পুলিশ কর্মকর্তা মো. শাহীন ও তার আত্মীয় প্রকৌশলী মোয়াজ্জেমকে তলব করে। ওই দুই ব্যক্তি মঙ্গলবার আদালতে হাজির হন।

প্রথমেই আদালত পুলিশ কর্মকর্তা শাহীনের বক্তব্য জানতে চান। আদালতের প্রশ্নের কোনো জবাব দিতে পারছিলেন না তিনি। তিনি আদালতের প্রশ্নের জবাবে মূল মালিককে চেনেন না এবং তার নামও জানেন না বলে জানান।

তিনি বলেন, “তার আত্মীয় মোয়াজ্জেম হোসেনই তার নামে আম-মোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) করে এনেছে।”

এরপর আদালত মোয়াজ্জেম হোসেনের বক্তব্য জানতে চায়।

মোয়াজ্জেম হোসেন বলেন, “প্রথম আম-মোক্তারনামা যার নামে ছিল তিনি মারা গেছেন। কিন্তু তার আত্মীয়স্বজনের সঙ্গে পরিচয় থাকার সুবাদে তিনি ভারতে গিয়ে আম-মোক্তারনামা করে এনেছেন।”

দুইজনের বক্তব্যে মিল না থাকায় এবং সঠিক উত্তর দিতে না পারায় আদালত তাৎক্ষণিকভাবে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এ আদেশে আদালত কক্ষে পুলিশ উপস্থিত হয়ে ওই দুই ব্যক্তির হাত ধরে টান দেয়। এসময় তারা আদালতের কাছে জোড় হাত করে ক্ষমা চাইতে থাকেন।

তখন বিচার বলেন, “কোনো ক্ষমা নেই। আপনি শৃঙ্খলা বাহিনীর সদস্য। এভাবে এতবড় জালিয়াতি আপনি করতে পারেন না। আর কতজনের সর্বনাশ করবেন আপনারা? রাষ্ট্রের আর কত ক্ষতি করবেন?”

এরপর তাদের দুজনকে ২০০ টাকা করে জরিমানার আদেশ দিয়ে আদালত বলে, এরপর কোনো প্রতারণা করলে শাস্তি পেতে হবে।

আদেশের পর ওই দুই ব্যক্তি পকেট থেকে ২০০ টাকা করে বের করে দিতে গেলে আদালত রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তাদের ডাকেন। এরপর আদালত সরকারের আপিল মঞ্জুর করে আদেশ দেয়।

অন্যদিকে ওই দুজন রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে জরিমানার টাকা জমা দিয়ে কারাগারে যাওয়া থেকে রক্ষা পান। তারপর তারা আদালত এলাকা ত্যাগ করেন।  

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, তারা ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে পরিত্যক্ত বাড়িটি আত্মসাতের চেষ্টা করছিল। আদালত প্রতারকদের চিহ্নিত করেছে ও তাদের জরিমানা করেছে।

“আদালত বলেছেন, পাওয়ার অব অ্যাটর্নি দিয়ে যারা সম্পদ ছাড়িয়ে নেয়, তাদের বেশিরভাগই ভুয়া,” বলেন তিনি।