২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনে ধর্ষিত হচ্ছে ২ শিশু: ব্র্যাক

বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় দুই শিশু ধর্ষণের শিকার হচ্ছে বলে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2017, 07:07 PM

Updated : 11 Oct 2022, 01:36 PM

ব্র্যাকের তথ্যানুযায়ী, ২০১৬ সালে নথিভুক্ত মোট নারী নির্যাতনের মধ্যে মেয়ে শিশু নির্যাতনের হার ২০ শতাংশ। আর নির্যাতিত মেয়ে শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ৬০.৬৩ শতাংশ নির্যাতনের শিকার হয়েছে ১২-১৭ বছর বয়সীরা।

এছাড়া গত বছরে ১৮ বছরের নিচে প্রতিদিন গড়ে ১.৭ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর মেয়ে শিশু ছাড়া অন্য নারীদের ক্ষেত্রে নির্যাতনের হার ৮০ শতাংশ।

ব্র্যাক পরিচালিত নারী নির্যাতনের ঘটনার তথ্য বিশ্লেষণ ও মূল উপস্থাপনায় এ চিত্র উঠে আসে।

মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘নারী নির্যাতন প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক জাতীয় পর্যায়ের গোলটেবিল বৈঠকে প্রতিবেদনটি তুলে ধরেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়নের কর্মসূচির (সিইপি) কর্মসূচি প্রধান ফারহানা হাফিজ।

নারী ও শিশুদের উপর নির্যাতনের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, “নারী নির্যাতনের ধরন যেমন পাল্টাচ্ছে, তেমনি এর সহিংসতাও দিন দিন বাড়ছে। বিশেষ করে মেয়ে শিশুদের ক্ষেত্রে এর ভয়াবহতা আরও বেশি।”

বাংলাদেশে নারী নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় শঙ্কিত হওয়ার কথা বলছেন খোদ মহিলা ও শিশু বিষক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু।

গোলটেবিল বৈঠকের প্রধান অতিথি বেনু বলেন, “বাংলাদেশে নারী নির্যাতন প্রতিরোধে অনেক আইন রয়েছে, যা পৃথিবীর অন্যান্য দেশে নেই। এছাড়াও নানা জনসচেতনতামূলক কর্মসূচি রয়েছে।

“কিন্তু তারপরও প্রতিদিন খবরের কাগজ খুললে যে নারী নির্যাতনের চিত্র দেখি, তা আমাদের শঙ্কিত করে। আগের চেয়ে নারী নির্যাতনের ধরনও পাল্টেছে, আর সংখ্যাটাও উদ্বেগজনক।”

নারী নির্যাতন প্রতিরোধে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, “নারী নির্যাতন শুধু একা নারীদের সমস্যা নয়, এটা পুরুষদেরও সমস্যা। এখানে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

“এ দিকটি মাথায় রেখে আমরা এখন প্রতিটি ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাব গঠনের উদ্যোগ নিয়েছি। এর পাশাপাশি সরকার নারীদের আত্মনির্ভরশীল করতে ৪৯০টি উপজেলায় স্থানীয় চাহিদার অনুযায়ী ১৮ ধরনের ব্যবসার ক্ষেত্রে নারীদের সহযোগিতা দিচ্ছে।”

বৈঠকে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের আরো বেশি সোচ্চার হওয়ার তাগিদ দেন।

তিনি বলেন, “নারী নির্যাতন রোধে আমাদের ভালো আইন আছে ঠিকই। কিন্তু অনেক নারী আছেন যারা এ ধরনের আইন সম্পর্কে জানেন না। এখন আমাদের আইন সম্পর্কে জানানোর জন্য উদ্যোগ নিতে হবে।”

নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হলেও সমাজ-রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেন তিনি।

আয়েশা খানম বলেন, “নারী নির্যাতন প্রতিরোধে ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি সংস্থার বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডের কারণে ‘ভালো আইন প্রণয়নে’ সাফল্য এসেছে। এখন সময় এসেছে এগুলোর ফলাফল বিশ্লেষণ ও সঠিক মনিটরিংয়ের মাধ্যমে পরিবার, সমাজ, সুশীল সমাজ, বেসরকারি সংস্থা ও সরকারের সহযোগিতায় একটি একক প্ল্যাটফর্ম গঠন করা।”

এতে সবার সম্মিলিত প্রচেষ্টায় নারী নির্যাতন প্রতিরোধ সহজ হবে আশা প্রকাশ করে সমাজ ও রাষ্ট্রের নীতিনির্ধারকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ওপর জোর দেন তিনি।

“সমগ্র রাষ্ট্র, সমাজ, নীতিনির্ধারকদের দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে। বিচারের জায়গাটায় অনেক সমস্যা আছে, তবে আগের চেয়ে অনেক পরিবর্তন এসেছে। অজামিনযোগ্য অপরাধ হলে, ওপরের নির্দেশে তারা জামিন পাচ্ছে কিভাবে?”

আয়েশা খানম বলেন, “আমরা এখনও এনাফ সেনসেটিভ হইনি, পরিবার, শিক্ষা-প্রতিষ্ঠান সব জায়গায় জেন্ডার সেনসেটিভ ও মানবাধিকারের বিষয়টি ঢুকাতে হবে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গায়।

“আমি অবাক হই, সংসদীয় কমিটির কাছে যখন শুনি, ধর্ষণ তো হবেই, জামা-কাপড় তো থাকে না। মনে রাখতে হবে, নারী পরিপূর্ণ মানবসন্তান। তাকে পূর্ণ মানবাধিকার দিতে হবে।”

আইনের ফাঁক-ফোকড়ে অপরাধীদের বেরিয়ে যাওয়ার কারণে আইন দিয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সম্ভব নয় বলে মনে করেন ডেপুটি কমিশনার (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন) ও ভিকটিম সাপোর্ট সেন্টারের প্রধান ফরিদা ইয়াসমীন।

তিনি বলেন, “আমি বুঝি না যে, ৯(৩) ধারার আসামি কী করে বেইল নিয়ে বের হয়ে যায়? শুধু আইন দিয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ অসম্ভব। এখনও আমাদের সমাজে প্রতিদিন নিগৃহীত হচ্ছেন নারীরা।

“এ পরিস্থিতি মোকাবেলায় সরকারের আইন নিয়ন্ত্রণ সংস্থার পাশাপাশি প্রতিটি ব্যক্তি, পরিবার, বেসরকারি সংস্থা, সুশীল সমাজসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

গোলটেবিল বৈঠকের সভাপতি ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি এবং সমন্বিত উন্নয়ন কমসূচির পরিচালক আন্না মিনজ নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে দাতা সংস্থার প্রতি আরো অর্থায়নের তাগিদ দেন।

তিনি বলেন, “স্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে দাতাদের মিলিয়ন মিলিয়ন ডলার আর্থিক সহায়তা আসলেও এই খাতে সন্তোষজনক সহায়তা পাওয়া যায় না।”

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় ২০১৬ সালে ৫৫টি জেলায় ও ৩৭৯টি উপজেলায় নির্যাতনের শিকার নারীদের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করে।

নথিভুক্ত তথ্যানুযায়ী, মোট নির্যাতনের মধ্যে শারীরিক নির্যাতনের হার ৬৭ শতাংশ, যৌন নির্যাতনের হার ১৯ শতাংশ এবং মানসিক নির্যাতনের হার ১৪ শতাংশ। নারীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘটেছে শারীরিক নির্যাতন এবং শিশুদের মধ্যে যৌন নির্যাতন।

প্রতিবেদনটিতে বলা হয়, নির্যাতনের শিকার নারীদের ৩৯ শতাংশ মামলা বা আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য প্রক্রিয়াধীন ছিল; মাত্র ২৬ শতাংশ কেইস ফাইল হয়েছিল, ৭ শতাংশ মামলা শালিসের মাধ্যমে মীমাংসা হয় এবং ২৮ শতাংশ কেইসে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।

অনুষ্ঠান থেকে বলা হয়, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হলেও প্রথাগত সামাজিক মূল্যবোধ ও পরিবারের ‘সম্মান’, পুনরায় নির্যাতনের ভয়, উপযোগী পরিবেশ না পাওয়া ইত্যাদি কারণে নারীরা তা প্রকাশ করতে চাননা। শুধুমাত্র গুরুতর শারীরিক ও যৌন নির্যাতন ছাড়া অন্যান্য নির্যাতনগুলো প্রকাশিত হয় না। ফলে নির্যাতনের যে চিত্র পাওয়া যায় তা বাস্তব ঘটনার চেয়ে অনেক কম।

ব্র্যাকের পরিসংখ্যান অনুযায়ী, গড়ে প্রতি মাসে ৬২৪টি, প্রতিদিন ২০.৫টি এবং প্রতিজেলায় মাসে ১১.৩৫টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। প্রায়ই এসব নির্যাতনের ঘটনা ঘটলেও পারিবারিক, সামাজিক ও মামলার দীর্ঘ সূত্রিতার কারণে অধিকাংশ নারী আইনি পদক্ষেপে যেতে চান না।

গোলটেবিল বৈঠকে বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে পুরুষতান্ত্রিক মানসিকতা, বিচারহীনতার সংস্কৃতি, নির্যাতন প্রতিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণে প্রশাসনিক সমন্বয়হীনতা, সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়হীনতা, আইনের সঠিক প্রয়োগ না থাকা ও মামলার দীর্ঘসূত্রিতাকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন।

ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জের পরিচালক কেএএম মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইসিডিডিআরবির জেষ্ঠ্য গবেষক ড. রুচিরা তাবাসসুম নভেদ, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু।