পুলিশ সম্মেলনে জঙ্গিবাদ দমনের ‘যৌথ ঘোষণা’
জঙ্গিবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতা বাড়াতে নানা উদ্যোগের অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়েছে দক্ষিণ এশিয়া ও প্রতিবেশী দেশগুলোর পুলিশ প্রধানদের তিন দিনের সম্মেলন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ১৫টি দেশের পুলিশ প্রধান ও ইন্টারপোলসহ কয়েকটি সংস্থার অংশগ্রহণে এই সম্মেলন শেষ হওয়ার আগে ‘যৌথ ঘোষণা’ গ্রহণ করা হয়।
পরে বাংলাদেশের পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, যৌথ ঘোষণায় দক্ষিণ এশীয় অঞ্চল এবং বিশ্বব্যাপী অপরাধের ধরণ চিহ্নিতকরণ, আন্তঃদেশীয় অপরাধ দমনে কৌশল উদ্ভাবন, ইন্টারপোল সদস্য দেশগুলোর মধ্যে ন্যাশনাল সেন্টার ব্যুরোর (এনসিবি) মাধ্যমে ওয়ান-টু-ওয়ান কমিউনিকেশন ও পুলিশ প্রধানদের মধ্যে সহযোগিতা বাড়াতে একটি প্ল্যাটফরম গঠনের কথা বলা হয়েছে।
কাউন্টার টেররিজমের সক্ষমতা বাড়ানোর জন্য তথ্য বিনিময়, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার করা ও তাদের দক্ষতা, পেশাগত সম্পর্ক বৃদ্ধি, সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে নেটওয়ার্ক স্থাপন, মানি লন্ডারিং ও সাইবার ক্রাইম নিয়েও আলোচনা হয়েছে।
চীন, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ব্রুনাই, ইন্টারপোল ও ফেইসবুকের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক।
সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বক্তব্য দেন।
