‘অনলাইন থেকে জঙ্গিবাদে ৮০ ভাগের বেশি তরুণ’
সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদে জড়িত তরুণদের অধিকাংশই ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে উগ্রপন্থার দিকে ঝুঁকেছে বলে নিজেদের এক গবেষণা জরিপে উঠে আসার কথা জানিয়েছে পুলিশ।
সোমবার বিকালে ফেইসবুক ট্রাস্ট অ্যান্ড সেফটি ম্যানেজার বিক্রম লাংঘের সঙ্গে বাংলাদেশ পুলিশের এক দ্বি-পাক্ষিক আলোচনা শেষে সাংবাদিকদের একথা জানান পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গোপনীয়) মো. মনিরুজ্জামান।
বাংলাদেশসহ ১৫ দেশের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর তিন দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন বিকালে হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক হয়।
সকালের এক সেশনে ‘জঙ্গিবাদ বিস্তারের ক্ষেত্রে সোশাল মিডিয়ার ভূমিকার’ উপর বিক্রম লাংঘের দেওয়া বক্তব্যের পর তার সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের আলোচনা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান।
“আমরা একটি রিসার্চ সার্ভে কনডাক্ট করেছি। সেটি নিয়ে আলোচনা হয়েছে; সেখানে দেখানো হয়েছে আমাদের দেশের সাম্প্রতিক যে জঙ্গি সমস্যা। এই জঙ্গি সমস্যার ক্ষেত্রে ৮০ বা ৮২ শতাংশ জঙ্গি রেডিক্যালাইজ হয়েছে সোস্যাল ও অনলাইন মিডিয়ার মাধ্যমে।”
তিনি বলেন, অনলাইন জগত থেকে জঙ্গিবাদে প্ররোচিত হওয়ার ঘটনা দেখে পুলিশও কৌশলে পরিবর্তন আনার গুরুত্ব উপলব্ধি করছে।
জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রপন্থা বা ধর্মীয় উসকানি সম্পর্কিত পোস্টের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন সম্পর্কিত যেসব পোস্ট রয়েছে সেগুলো মুছে ফেলা বা কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ফেইসবুক কর্মকর্তার কাছে সুপারিশ করা হয়েছে বলে পুলিশের এই এআইজি জানান।
তিনি বলেন, বৈঠকে অনলাইনে সন্দেহজনক জঙ্গি কার্যক্রমের কোনো ঘটনার তদন্তকালীন সময়ে ফেইসবুক কর্তৃপক্ষের সহযোগিতা ও বাংলাদেশের পক্ষ থেকে ফেইসবুকের সঙ্গে যোগাযোগ করার জন্য ‘ফোকাল পয়েন্ট’ নির্ধারণ করার বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রে।
ফেইসবুক কর্তৃপক্ষ থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে বলে জানান মনিরুজ্জামান।
“তাদের সঙ্গে ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি হচ্ছে। এই ওয়ার্কিং রিলেশনশিপ ফেইসবুকের সঙ্গে পরবর্তীতে অন্য দিকে মোড় নিতে পারে, আরও উন্নত হতে পারে।”
বাংলাদেশসহ ১৫টি দেশের পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে তিন দিনের এই সম্মেলনে ফেইসবুক ছাড়াও ইন্টারপোল, যুক্তরাষ্ট্রের আইজিসিআই, এফবিআই, আসিয়ানপোল ও আইসিআইটিএপিসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারাও যোগ দিয়েছেন।
