২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেগুনা চালক হত্যায় জড়িত সন্দেহে মোহাম্মদপুরে ৪ জন আটক

পাঁচদিন আগে এক লেগুনা চালককে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে চারজনকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2017, 11:38 PM

Updated : 19 Aug 2022, 04:00 PM

এরা হলেন, মো. শাকিল (১৯), মো. হাসান (১৮), মো. মনির হোসেন (১৮), জুয়েল ওরফে বুলেট (১৮)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিংয়ের একটি বাড়ি থেকে রোববার মধ্যরাতে তাদের আটক করা হয় বলে সোমবার সন্ধ্যায় র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, গত ৯ মার্চ সকাল ১০টায় মানিকগঞ্জের সিংগাইর থানার সিরাজপুর হাটের সিএনজি ঘাট বরাবর কালীগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করে পুলিশ । 

গলায় বেল্ট দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই যুবককে হত্যা করা হয় বলে সিংগাইর থানা পুলিশের করা সুরতহাল প্রতিবেদন এবং মানিকগঞ্জ সদর হাসপাতালে করা ময়নাতদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে জানায় র‌্যাব।

পরে পুলিশ বাদী হয়ে সিংগাইর থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করে জানিয়ে র‌্যাব-২ এর উপ-পরিচালক আতাউর রহমান বলেন, র‌্যাব ঘটনার তদন্ত শুরু করে নিহত ব্যক্তির নাম পরিচয় জানতে পারে।

রায়হান নামের আনুমানিক ২০ বছর বয়সী ওই যুবক মোহাম্মদপুর এলাকায় লেগুনার চালক হিসাবে কয়েক বছর যাবৎ কাজ করে আসছিলেন। গত ৮ মার্চ থেকে তিনি তার লেগুনাসহ নিখোঁজ ছিলেন।

নিখোঁজের ঘটনায় আদাবর থানায় তার পরিবার একটি সাধারণ ডায়েরিও করে জানিয়ে র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনার প্রেক্ষাপটে র‌্যাব-২ এর একটি বিশেষ দল হত্যাকাণ্ডের রহস্য উম্মোচন ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা করে।

র‌্যাব কর্মকর্তা আতাউর বলেন, র‌্যাবের ওই অভিযান দল অনুসন্ধানে নেমে রায়হান হত্যায় সন্দেহভাজন চারজন মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার একটি বাড়িতে আত্মগোপনে রয়েছে জানতে পারে।

পরে রোববার মধ্যরাতে সেখান থেকে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বলে র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়।

তবে গ্রেপ্তার চারজন কেন বা কী উদ্দেশ্যে রায়হানকে হত্যা করেছে সেবিষয়ে র‌্যাব এখনও নিশ্চিত হতে পারেনি জানিয়ে র‌্যাব-২ এর উপ-পরিচালক আতাউর বলেন, তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।