৫৭ ধারার মামলায় জামিন আবেদন ‘গ্রহণ করা-না করার’ ব্যাখ্যা চায় হাই কোর্ট
তথ্য প্রযুক্তি আইনের মামলায় এক আসামির জামিনের আবেদন শুনানির জন্য গ্রহণ করা এবং না করার ঘটনায় দুই বিচারকের কাছে ব্যাখ্যা চেয়েছে হাই কোর্ট।
আগামী ২২ মার্চের মধ্যে তাদেরকে লিখিতভাবে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহর হাই কোর্ট বেঞ্চ সোমবার স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়।
তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় দায়ের করা একটি মামলার আসামির জামিন আবেদনের শুনানিকালে বিষয়টি আদালতের নজরে আসে। তখন আদালত এ আদেশের পাশাপাশি ওই আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করে।
আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী আমিমুল এহসান জুবায়ের। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
মামলার বিবরণ থেকে জানা যায়, ফেইসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর মাগুরা জেলার মোহাম্মপুর থানার আহমেদ সবুজ নামে এক যুবকের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে ওই মামলা দায়ের করা হয়।
মামলার পর আসামি সবুজ মাগুরার ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে। পরে তিনি জামিনের জন্য মাগুরার জেলা ও দায়রা জজ আদালতে গেলে ওই বছরের ১৭ নভেম্বর ওই আবেদনের শুনানি নিতে অস্বীকৃতি জানায় ওই আদালত।
এরপর ঢাকার সাইবার অপরাধ ট্রাইব্যুনালে জামিন আবেদন করেন সবুজ। ২০১৭ সালের ২৬ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনালের বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেয়।
এ আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন আহমেদ সবুজ। হাই কোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করে এই ব্যাখ্যা তলব করল।
কোনো মামলার অভিযোগপত্র দেওয়া না হলে ম্যাজিস্ট্রেট আদালতের জামিন দেওয়ার এখতিয়ার নেই।
একারণে আসামি সবুজ মাগুরার জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছিলেন জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখতিয়ার থাকার পরও দায়রা জজ আদালত ওই জামিন আবেদন শুনানি করতে মৌখিকভাবে অস্বীকৃতি জানায়।
“পরে ওই আসামি ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে জামিন আবেদন করেন। কিন্তু তথ্য প্রযুক্তি আইনে ঢাকার বাইরের কোনো মামলা অভিযোগপত্র দেওয়ার আগে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল জামিন আবেদন শুনানি করতে পারে না। তা সত্ত্বেও ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল জামিন আবেদনের শুনানি নিয়ে তা না মঞ্জুর করে।”
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, “এখতিয়ার থাকার পরও মাগুরার দায়রা জজ আদালত কেন জামিন শুনানি গ্রহণ করেনি এবং এখতিয়ার না থাকার পরও সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল কিভাবে শুনানি করেছে, সে বিষয়েই ব্যাখ্যা দিতে এ দুই বিচারককে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।”
