২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের কর্মকর্তা গ্রেপ্তার

বন্ধ তৈরি পোশাক কারখানার নামে ‘ব্যাক টু ব্যাক এলসি’ খুলে ব্যাংক থেকে সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের এক মামলায় সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2017, 08:31 PM

Updated : 19 Aug 2022, 04:00 PM

গ্রেপ্তার মো. কামাল হোসেন সোনালী ব্যাংক নারায়ণগঞ্জ করপোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার।

দুদকের উপ-পরিচালক শেখ আব্দুস সালাম সোমবার রাজধানীর কাফরুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচারর্য জানান।

গত বছরের ৮ নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় নয়জনের বিরুদ্ধে এ মামলা করে দুদক।

২০০৯ সালে একটি বন্ধ পোশাক কারখানার নামে ‘ব্যাক টু ব্যাক এলসি’ খুলে সোনালী ব্যাংক থেকে ৩ কোটি ৪৬ লাখ ৩১ হাজার ৮৮৬ টাকা আত্মসাত করার অভিযোগ আনা হয় মামলার এজাহারে।

মামলার অপর আসামিরা হলেন- সিদ্ধিরগঞ্জের জাগরণ টেক্সটাইল মিলসের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মিয়াজী, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, সোনালী ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম, সাবেক মহাব্যবস্থাপক এম এ বাতেন খান, সাবেক উপ-মহাব্যবস্থাপক হোসনে আরা বেগম, উপ-মহাব্যবস্থাপক এম এ সারোয়ার হোসেন, সাবেক সহকারী মহাব্যবস্থাপক এ টি এম মিজানুর রহমান ও ব্যাংকটির সাবেক সহকারী মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন।

তাদের মধ্যে জাহাঙ্গীর আলম মিয়াজীকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে বলে মামলার বাদী শেখ আব্দুস ছালাম জানিয়েছেন।