বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ধরতে ইন্টারপোলের সহায়তা চাইলেন আইজিপি
বিভিন্ন দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের গ্রেপ্তারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
সোমবার বিকালে হোটেল সোনারগাঁয়ে ইন্টারপোলের মহাসচিব ইউরগান স্টকের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শেষে বাংলাদেশের পুলিশ প্রধান সাংবাদিকদের বলেন, “যারা বঙ্গবন্ধুর খুনি, পলাতক..বিভিন্ন দেশে আছে, আমরা ইন্টারপোলকে বলেছি যে আমরা বিভিন্ন তথ্য দিয়েছি।
“কিছুদিন আগে আমরা জানতে পেরেছি বঙ্গবন্ধুর খুনি ডালিম স্পেনে আছে। কিন্তু তাকে আমরা ‘পিন পয়েন্টে’ ধরতে পারিনি। ইন্টারপোলকে অনুরোধ করেছি বঙ্গবন্ধুর খুনিদের তথ্য দিলে ইন্টারপোল যেন সিরিয়াসলি দেখে এবং নেশন গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করে। ইন্টারপোল মহাসচিব বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।”
ছয়জন বাংলাদেশের জাতির জনক হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডের রায় নিয়ে বিদেশে পালিয়ে আছেন। এরা হলেন- নূর চৌধুরী, আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এম রাশেদ চৌধুরী, আব্দুল মাজেদ ও রিসালদার মোসলেম উদ্দিন।
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে পাঁচজনের ফাঁসি ২০১০ সালের ২৭ জানুয়ারি কার্যকর হয়। তারা হলেন- সৈয়দ ফারুক রহমান,সুলতান শাহরিয়ার রশিদ খান,মুহিউদ্দিন আহমদ (আর্টিলারি),বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন (ল্যান্সার)।
এছাড়া পলাতক থাকা আজিজ পাশা ২০০১ সালের মাঝামাঝি জিম্বাবুয়েতে মারা যান বলে পুলিশের তথ্য।
ইন্টারপোলের রেড নোটিসের বিষয়ে পুলিশ প্রধান বলেন, “আমাদের দেশের সর্বোচ্চ আদালত যাদেরকে কনভিকশন দেয় তাদেরকে রেড নোটিস দেওয়ার পর যদি তা উইথড্র হয় এটা আমরা ভালভাবে দেখছি না, আমাদের সরকারও ভালোভাবে দেখছে না।”
শহীদুল হক বলেন, “ইন্টারপোলের মহাসচিবকে বলেছি যে আমরা চাই, আমাদের উচ্চ আদালত যে রায় দিয়েছে সে রায়ের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। তা না থাকলে আমাদের কিছু রিজার্ভেশন আছে। মহাসচিব বিষয়টি ইন্টারপোলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে আশ্বস্ত করেছেন।”
ঢাকায় ইন্টারপোলের একটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের বিষয়েও মহাসচিব ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের পুলিশ প্রধান।
এ ছাড়া আফগানিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও মালয়েশিয়া পুলিশ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক।
