‘মিথ্যা তথ্যে’ প্লট: সাবেক সাংসদের বিরুদ্ধে দুদকের মামলা
মিথ্যা তথ্য দিয়ে রাজধানীর বনানীতে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ এনে বিএনপি নেতা মো. হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার রাজধানীর মতিঝিল থানায় দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন ভোলা-২ আসনের এ সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে মামলাটি করেন বলে জানান কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হাফিজ ইব্রাহিম ২০০১ থেকে ২০০৫ সালে সংসদ সদস্য থাকাকালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) মিথ্যা হলফনামা দিয়ে ঢাকার বনানী আবাসিক এলাকায় পাঁচ কাঠার একটি সরকারি প্লট বরাদ্দ নেন।
“এ ঘটনায় বিশ্বাস ভঙ্গ করে অপরাধমূলকভাবে সরকারি সম্পদ আত্মসাৎ করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়।”
মামলার এজাহারে বলা হয়, ২০০৪ সালের ২৫ জানুয়ারি বিএনপির নেতা হাফিজ ইব্রাহিম গুলশান-বনানী আবাসিক এলাকায় প্লট বরাদ্দের জন্য রাজউকে আবেদন করেন।
এতে ঢাকা মহানগরীর আওতাধীন এলাকার কোথাও তার নিজের এবং স্ত্রী, নির্ভরশীল ছেলে-মেয়ে অথবা পোষ্যের নামে কোনো আবাসিক জমি বা বাড়ি অথবা ফ্ল্যাট ক্রয় বা উত্তরাধিকার সূত্রে নেই বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া কোনো সরকারি সংস্থা থেকে কোনো আবাসিক জমি বা বাড়ি বরাদ্দ বা লিজ প্রদান করেনি বলে হাফিজ ইব্রাহিম দাবি করেছিলেন।
এই আবেদনের প্রেক্ষাপটে ২০০৫ সালের ৮মে রাজউক বনানী আবাসিক এলাকায় তার নামে ওই প্লট বরাদ্দ দেয়। বর্তমানে তিনি ওই প্লটের ভোগ দখলে আছেন।
এরপর দুদকের অনুসন্ধানে দেখা যায়, রাজধানীর গুলশানে হাফিজ ইব্রাহিমের নামে আগে থেকেই দুইটি দলিলে মোট সাত কাঠা জমি রয়েছে।
রাজউকে মিথ্যা হলফনামা দিয়ে প্লট বরাদ্দ নেওয়ার কারণে সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা ও ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে বলে মামলার বাদী দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন জানান।
