২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেশনের অনুমোদিত মূলধন বেঁধে দেবে সরকার

পেট্রোবাংলাকে জাতীয়করণের তফসিল থেকে বাদ দিয়ে এবং কর্পোরেশনগুলোর অনুমোদিত মূলধন নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে রেখে নতুন আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2017, 06:28 PM

Updated : 11 Apr 2022, 11:11 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ শিল্পপ্রতিষ্ঠান জাতীয়করণ আইন, ২০১৭’ আইনের খসড়া অনুমোদিত হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ১৯৭২ সালের ১৬ নম্বর রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হয়। পরবর্তীতে এর সাথে আরো কিছু সংশোধনী আনা হয়। এটি ইংরেজিতে ছিল ও অনেকগুলো অধ্যাদেশ সংযোজিত ছিল।

“মূল আইনে রাষ্ট্রপতির আদেশে যে তফসিল ছিল সেখানে ২৫০ এর উপরে শিল্পপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছিল, সেটিই বাংলায় করা হয়েছে।”

খসড়ার পরিবর্তনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পেট্রোবাংলা ছিল, পেট্রোবাংলাকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে কারণ পেট্রোবাংলা আলাদা মন্ত্রণালয়ে চলে গেছে, এজন্য বাদ দেওয়া হয়েছে।“

“পাট ও বস্ত্র এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন যে কর্পোরেশনগুলো আছে সেসবের সাথে আলাপ করে তালিকা শুদ্ধ ও সংখ্যাগতভাবে সঠিকতা যাচাই করে এখানে আনা হয়েছে।”

কর্পোরেশনের অনুমোদিত মূলধন কী পরিমাণ হবে তা সরকারের হাতে রাখা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, খসড়া আইনের সংজ্ঞায় নতুন বিষয় সংযোজন করা হয়েছে, যেমন তফসিলভুক্ত শিল্প প্রতিষ্ঠান, প্রশাসনিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এগুলো বাদ দেওয়া এবং কোম্পানি আইন, তফসিল, বিধি, কয়েকটি শব্দ যোগ করা হয়েছে।

“শিল্প প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ প্রদানের যে বিধান সেটা এখন আর দরকার নেই অলরেডি এখন জাতীয়করণ হয়ে গেছে, ক্ষতিপূরণ যা দেওয়ার তা হয়ে গেছে এজন্য এ অংশটি বাদ দেওয়া হয়েছে। সরকারের বর্তমান শিল্প প্রতিষ্ঠানের নাম তফসিলে রাখা হয়েছে, সেগুলো বিক্রি হয়ে গেছে সেগুলো রাখা হয়নি।”

তফসিল অনুযায়ী বর্তমানে ১০৯টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ ‍জুটমিলের আওতায় রয়েছে ৩০টি, বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের ৩১টি, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের আওতায় ১৬টি, ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের আওতায় ১৩টি এবং বিসিআইসির আওতায় ১৯টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে।

এছাড়া ‘বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন আইন, ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) আইনটি ১৯৬১ সালের জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটি ইংরেজিতে ছিল, এখন বাংলায় অনুবাদ করে নতুনভাবে আনা হয়েছে। এখানে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। তবে অপ্রয়োজনীয় কিছু ধারা বাদ দেওয়া হয়েছে।’