২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিজারুল কায়েস, আরিফুল হকের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক

সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েসের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2017, 05:28 PM

Updated : 19 Aug 2022, 04:00 PM

এছাড়া আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাই আরিফুল হকের মৃত্যুতেও শোক জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দুটি শোক প্রস্তাব গ্রহণ করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।

তিনি বলেন, বৈঠকের শুরুতেই মন্ত্রিসভা দুটি শোক প্রস্তাব গ্রহণ করে।

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে শুক্রবার রাতে মারা যান দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল।

১৯৮২ ব্যাচের বিসিএস কর্মকর্তা মিজারুল কায়েস ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত পররাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন। ২০১৪ সালে ব্রাজিলে যাওয়ার আগে দুই বছর যুক্তরাজ্যে হাই কমিশনারের দায়িত্ব পালন করেন তিনি।

আইনমন্ত্রীর ভাই প্রকৌশলী আরিফুল হক গত ১১ মার্চ যুক্তরাষ্ট্রের ডালাস শহরের সাউথ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি হাসপাতালে মারা যান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “তিনি (আরিফুল হক) আমাদের বড় বড় প্রকল্প যেমন পদ্মা সেতুর মতো প্রকল্পে ইন্টারনেটে বা অনলাইনে কনসালটেন্সি সার্ভিস দিতেন, অনেকটা ফ্রি অব চার্জ।”