২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএসে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের দাবিতে স্মারকলিপি

বিসিএসের মুক্তিযোদ্ধা কোটা সাধারণদের দিয়ে পূরণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2017, 05:37 PM

Updated : 19 Aug 2022, 04:00 PM

রোববার দুপুরে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে সংগঠনটির সভাপতি সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর একান্ত সচিব জহুরুল ইসলাম রোহেলের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

বিসিএসে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশসহ মোট ৫৬ শতাংশ কোটা সংরক্ষিত আছে। বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার প্রার্থী পাওয়া না গেলে ওইসব পদ খালি রাখতে ২০১০ সালে নির্দেশনা দেয় সরকার। এর আগে ৩২তম বিসিএসের মুক্তিযোদ্ধা কোটায় পূরণ না হওয়া এক হাজার ১২৫টি পদ ৩৩তম বিসিএসের মেধা তালিকা থেকে পূরণের সিদ্ধান্ত দিয়েছিল মন্ত্রিসভা।

গত ২০ ফেব্রুয়ারি পঁয়ত্রিশতম বিসিএসে মুক্তিযোদ্ধা, মহিলা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় পূরণ না হওয়া ৩৩৮টি পদ ৩৬তম বিসিএসের মেধাতালিকা থেকে পূরণের সিদ্ধান্ত নেয় সরকার।

স্মারকলিপিতে বিসিএসসহ চাকুরির সকল ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ সংরক্ষণের দাবি জানিয়ে বলা হয়, “আইন অনুযায়ী কোটা পূরণ না হলে সিটগুলো খালি রেখে প্রয়োজনে দুই/তিন বিসিএস মিলে অপূরণীয় সিটগুলো নিয়ে স্পেশাল বিসিএস এর ব্যবস্থা করতে হবে।”

এছাড়াও বিসিএসসহ সব চাকুরির ক্ষেত্রে সাধারণ প্রার্থী ও কোটাধারীদের ফল আলাদাভাবে প্রকাশ, মুক্তিযোদ্ধার সন্তান কোটায় চাকুরি প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য আলাদা বোর্ড গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি।

পাশাপাশি সংগঠনটি কোটায় নিয়োগে স্বচ্ছতার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের কোটা নিয়োগ পদ্ধতি অনুসরণ করা যেতে পারে বলে বলে অভিমত দিয়েছে।

সাধারণদের দিয়ে মুক্তিযোদ্ধা কোটা পূরণে সম্প্রতি মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাতিল করে মুক্তিযোদ্ধা কোটার পদসমূহ মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনীদের জন্য সংরক্ষণ করার দাবি জানানো হয়।

পিএসসির অধীনে আগের সব বিসিএস পরীক্ষার মোট পদের সংখ্যা ও ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগকৃত পদের সংখ্যা প্রকাশ করে মুক্তিযোদ্ধা কোটায় ক্যাডার সার্ভিসের শূন্য পদ পূরণে সাধারণ ও কারিগরি ক্যাডারসম্বলিত ৩৮তম বিশেষ বিসিএস পরীক্ষার আয়োজনের দাবি করেছে সংগঠনটি।

জুডিশিয়ারি সার্ভিস কমিশনের অধীনে বিচারিক প্রশাসন এবং সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বের সকল পরীক্ষার মোট পদের সংখ্যা ও ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগকৃত পদের সংখ্যা প্রকাশ করে মুক্তিযোদ্ধা কোটায় শূন্য পদ পূরণে বিশেষ পরীক্ষারও দাবি জানানো হয়।

মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা বৃদ্ধি করা এবং মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের সদস্যদের করা মামলা দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে ৯০ কার্য দিবসের মধ্যে শেষ করা, পিএসসিসহ প্রশাসন থেকে ‘চিহ্নিত স্বাধীনতাবিরোধী রাজাকারদের প্রজন্ম ও স্বাধীনতা বিরোধীদেরকে অপসারণ করে দেশ বিরোধী ষড়যন্ত্র’ রুখার দাবি জানানো হয় স্মারকলিপিতে।

এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে সংগঠনটির সভাপতি সাজ্জাদ হোসেন সাধারণদের দিয়ে কোটা পূরণের এই উদ্যোগকে ‘মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করেন।

সাজ্জাদ বলেন, “পিএসসিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থাকা স্বাধীনতাবিরোধী এবং তাদের সহযোগীরা এই কোটা সহ্য করতে পারছে না। তারা মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক প্রশাসন গড়ে উঠতে দিতে চায় না বলেই কোটা সম্পর্কে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে কোটা বাতিলে নানা ধরনের নেতিবাচক ধারনা দিচ্ছে।”

সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীন, প্রেসিডিয়াম সদস্য জোবায়দা হক অজন্তা, সহ-সভাপতি কাজী আবু রাসেল, সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার, সম্পাকমণ্ডলীর সদস্য জোবায়ের রহমান, আলমগীর, আবু তাহের, ইঞ্জিনিয়ার এনামুল হক ও মাসুদ রানা।