জয় অপহরণ ‘চক্রান্ত’ মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছালো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা আবারও পিছিয়েছে।
রোববার নির্ধারিত দিনে তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হাসান আরাফাত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চান।
আদালতের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এস আই জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সময়ের আবেদন শুনে মহানগর হাকিম এস এম মাসুদ জামান প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৯ এপ্রিল দিন রাখেন।
এর আগে ৯ ফেব্রুয়ারি মামলাটিতে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় একই বিচারক ১২ মার্চ পরবর্তী দিন রেখেছিলেন। এ নিয়ে অন্তত ১০ বারের বেশি সময় সময় নিয়ে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলেন তদন্ত কর্মকর্তা।
যুক্তরাষ্ট্র প্রবাসী জয়ের ব্যক্তিগত তথ্য পেতে সে দেশে থাকা এক বিএনপি নেতার ছেলে রিজভী আহমেদ সিজার এফবিআইয়ের এক কর্মকর্তাকে ঘুষ দিয়েছিলেন বলে দেশটির আদালতে প্রমাণিত হয় গত বছর।
যুক্তরাষ্ট্রের আদালতের নথিতে দেখা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের ক্ষতি করার লক্ষ্যে তার ব্যক্তিগত তথ্য পেতে আসামি এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দিয়েছিলেন।
ঘুষ দিয়ে তথ্য পাওয়ার পর সিজার বাংলাদেশি ‘একজন সাংবাদিককে’ তা সরবরাহ করেছিলেন এবং বিনিময়ে ‘প্রায় ৩০ হাজার ডলার’ পেয়েছিলেন বলেও নথিতে উল্লেখ করা হয়।
ওই রায়ের পর জয়কে অপহরণ চক্রান্তের অভিযোগ তুলে ২০১৫ সালের ৪ অগাস্ট ঢাকার পল্টন থানায় পুলিশ একটি মামলা করে, যাতে সিজারের বাবা প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ উল্লাহ মামুনসহ দলটির শীর্ষ নেতাদেরও আসামি করা হয়।
সেই মামলায়ই গত ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিলেন যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমান। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। বর্তমানে লন্ডনে রয়েছেন তিনি।
