২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিদেশি কোম্পানিকে সুবিধা দিতেই গ্যাসের দাম বৃদ্ধি’

বেসরকারি খাত ও বিদেশি কোম্পানিগুলোর স্বার্থে নেওয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে সরকার গ্যাসের দাম বাড়িয়েছে বলে এক সভার আলোচনায় অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2017, 08:58 PM

Updated : 11 Oct 2022, 01:36 PM

রাজধানীতে শনিবার ‘বাংলাদেশের গ্যাস সম্পদ, জাতীয় সক্ষমতা ও জ্বালানি খাতে সরকারি নীতি’ শীর্ষক ওই সভায় গ্যাস অনুসন্ধানে দেশীয় কোম্পানি বাপেক্সকে যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না বলেও অভিযোগ তোলা হয়।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ওই সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভূতত্ত্ববিদ, অর্থনীতিবিদ ও প্রকৌশলীরা অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা বলেন, সরকার মূলত বেসরকারি খাত এবং বিদেশি কোম্পানিকে সুবিধা দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে; তাদের স্বার্থেই গ্যাসের দাম বাড়িয়েছে।

“গত ১০ বছরে সরকার কোনো ধরনের গ্যাস অনুসন্ধান ও উত্তোলন না করে গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করেছে। ব্যবসায়ীদের সুবিধা করে দিতে আগামীতে দেশজ কোনো গ্যাস পাওয়া যাবে না এ রকম ধারণা পাকাপোক্ত করার চেষ্টা চলছে।”

গত ২৩ ফেব্রুয়ারি গৃহস্থালিতে ও গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।প্রথম ধাপে ১ মার্চ থেকে মাসে ১৫০ টাকা করে বাড়িয়ে এক চুলার বিল ৭৫০ টাকা ও দুই চুলার জন্য ৮০০ টাকা ধরা হয়েছে। দ্বিতীয় ধাপে ১ জুন থেকে এক চুলার জন্য ৯০০ টাকা এবং দুই চুলার জন্য ৯৫০ টাকা হবে।

পাশাপাশি যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহৃত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম ১ মার্চ থেকে প্রতি ঘনমিটারে ৩৮ টাকা এবং ১ জুন থেকে ৪০ টাকা হবে। এর সঙ্গে বিদ্যুৎ উৎপাদন, সার, শিল্প ও বাণিজ্যক খাতেও গ্যাসের দাম দুই ধাপে ৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি।

গ্যাসে সরকারের বড় ভর্তুকি কমাতে ও অনাগত তরলীকৃত রূপান্তরিত গ্যাসের (এলএনজি) উচ্চমূল্যের সঙ্গে আগাম সমন্বয় করার প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিজ্ঞান বিভাগের অধ্যাপক বদরুল ইমাম বলেন, দেশে গ্যাস সংকট থাকলেও সরকার যেভাবে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখাচ্ছে সে রকম নয়।

গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে বাপেক্স সফল হলেও সরকারি এই সংস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করে রাখা হয়েছে বলে অভিযোগ তোলে তিনি বলেন, “বেশ কয়েকটি স্থানে বাপেক্স গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সেসব সফলতাকে চাপা দিয়ে বাপেক্সের অনুসন্ধান করা গ্যাস ক্ষেত্রগুলো রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমকে দিয়ে দেওয়া হয়েছে।

“এমনও দেখা গেছে গ্যাজপ্রম কিছু কিছু জায়গায় প্রযুক্তিগত সংকটে পড়ে বাপেক্স প্রকৌশলীদের সহায়তা নিয়েছে।”

তেল-গ্যাস কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, দেশের গ্যাস খাত জাতীয় মালিকানায় বিকাশ করলে সুন্দরবিনাশী প্রকল্প, দেশধ্বংসী রূপপুর প্রকল্প, এলএনজি কোনো কিছুই দরকার হবে না।

“সরকারের নীতিমালা জনগণ বা দেশের স্বার্থ চিন্তা করে নয়, বরং কতিপয় দেশি ও বিদেশি ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থ পরিকল্পনাকে গ্রহণযোগ্য করার জন্য দাঁড় করানো হচ্ছে।”

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি প্রতিবেদনের বরাত দিয়ে অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, সরকার নিয়ন্ত্রিত সব প্রতিষ্ঠান লাভজনক অবস্থায় থাকলেও শুধুমাত্র দাতাদের পরামর্শে ক্রমাগত জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, যার ঋণাত্মক চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, “চুরি আর লুটপাটকে বৈধতা দেওয়ার জন্য গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, মহাপরিকল্পনা করা হচ্ছে।”

সভায় অন্যদের মধ্যে গণসংহতির সমন্বয়ক জোনায়েদ সাকি ও বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ উপস্থিত ছিলেন।