২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিজারুল কায়েসের মৃত্যুতে শোক

কূটনীতিক মোহাম্মদ মিজারুল কায়েসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2017, 11:45 AM

Updated : 19 Aug 2022, 04:00 PM

শনিবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা আলাদা বার্তায় এ শোক প্রকাশ করেন।

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে শুক্রবার রাতে মারা যান দেশটিতে বাংলাদেশের দূত মিজারুল।

রাষ্ট্রপতি তার শোক বার্তায় বলেন, মিজারুল কায়েসের মৃত্যুতে দেশ একজন পেশাদার কূটনীতিককে হারাল।

মিজারুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনীতিক মিজারুল কায়েসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, “তাঁর মৃত্যুতে দেশবাসী একজন দক্ষ, দেশপ্রেমিক ও সংস্কৃতিমনা কূটনীতিবিদকে হারাল।”

বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সচিব মো. শহীদুল হকও শোক জানিয়ে বার্তা দিয়েছেন।

কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব সাবেক সচিব মিজারুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

১৯৮২ ব্যাচের বিসিএস কর্মকর্তা মিজারুল কায়েস ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত পররাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন। ২০১৪ সালে ব্রাজিলে যাওয়ার আগে দুই বছর যুক্তরাজ্যে হাই কমিশনারের দায়িত্ব পালন করেন তিনি।