২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ৩ নম্বর সংকেত

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2017, 12:40 AM

Updated : 11 Apr 2022, 11:10 PM

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস জানান, উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে শুক্রবারের আবহাওয়ার বুলেটিনে।

সেই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে শনিবার অস্থায়ী দমকাসহ ঝড়-বৃষ্টি অথবা বজ্রঝড় হতে পারে।

রোববার পর্যন্ত এমন আবহাওয়া বিরাজ করতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

শুক্রবার রাতেও রাজধানীতে এক পশলা বৃষ্টি হয়েছে। এসময় ঝড়ো হাওয়া বয়ে যায় বিভিন্ন স্থানে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় কক্সবাজারে। চট্টগ্রাম, সন্দ্বীপ, শ্রীমঙ্গল, রাজশাহী, বদলগাছি, খুলনা,মংলা, বরিশাল, পটুয়াখালী ও খেপুপাড়াতেও বৃষ্টি হয়েছে।

পুরনো খবর:

কালবৈশাখী আসছে
সেন্টমার্টিনে কয়েকশ পর্যটক আটকা