এসএ টিভির ‘হেড অব প্রোগ্রাম’ কারাগারে
মারপিট, চুরি ও প্রতারণার এক মামলায় টেলিভিশন চ্যানেল এসএ টিভির ‘হেড অব প্রোগ্রাম’ জিনাত জেরিন আলতাফকে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।
এস এ টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক এম এম বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডট্কমকে জানান, বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর পুলিশ জিনাত জেরিনকে ঢাকার হাকিম আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ধানমন্ডি থানার এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, রওনক মোবিন নামের এক ব্যক্তি সম্প্রতি আদালতে জিনাত জেরিনের বিরুদ্ধে মামলাটি করেন।সেখানে মারপিট, চুরি ও প্রতারণার অভিযোগ আনা হয়।
ওই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে বৃহস্পতিবার রাতে ধানমন্ডির বাসা থেকে জিনাতকে গ্রেপ্তার করে পুলিশ।
এম এম বাদশা জানান, জিনাত জেরিন জামিনের আবেদন করলেও বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জিনাত জেরিন আলতাফ এসএ টিভিতে কাজ করছেন ২০১৩ সালে চ্যানেলটির শুরু থেকে। এর আগে অন্য একটি চ্যানেলে ছিলেন তিনি।
