ট্রাফিক পুলিশের ভরসা এখন দড়ি
সিগন্যাল বাতি কাজে না আসায় অবাধ্য চালকদের সামলে রাস্তায় শৃঙ্খলা আনতে লাঠি, বাঁশি আর হাতের ইশারাতেও ব্যর্থ হয়ে এবার দড়ি হাতে নেমেছে পুলিশ।
ঢাকার বিজয় সরণি মোড়ে ট্রাফিক পুলিশকে ইদানিং দেখা যাচ্ছে দড়ি টেনে রাস্তা আটকে অন্য পথের যানবাহনকে পার করে দিতে।
ওই দৃশ্য দেখে কোনো মোটর রেসের সূচনা বলে মনে হতে পারে যে কারও। তবে চালকদের সংকেত মানতে বাধ্য করার ক্ষেত্রে দড়ি ভালোই কাজে দিচ্ছে বলে জানালেন এক গাড়ির মালিক।
শরিফুল ইসলাম নামের এই চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন কোনো জায়গায় সিগন্যাল লাইটের জন্য কেউ অপেক্ষা করে না। আগে যাওয়া নিয়েই ব্যস্ত সবাই।
“দড়ি দিয়ে রাস্তা আটকানোর বিষয়টা হাস্যকর হলেও চালকদের ট্রাফিক সিগন্যাল মানাতে বেশ কার্যকর ভূমিকা রাখছে।”
বৃহস্পতিবার বিজয় সরণি মোড়ে প্রধান সড়কের দুই পাশে দড়ি বেঁধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায় ট্রাফিক পুলিশের সদস্যদের।
কাছেই প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর। রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কের বিভাজনে সিগন্যাল বাতি থাকলেও তা কর্যকর নয়।
ফলে এক দিকে বেশি গাড়ি জমে গেলে ট্রাফিক পুলিশের সদস্যরা রাস্তার দুই পাশের দুই খুঁটিতে দড়ি বেঁধে অন্যপাশের যানবাহন আটকে দিচ্ছেন। কিছুক্ষণ পর অন্যপাশের গাড়িও একইভাবে পার করে দেওয়া হচ্ছে।
সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের একজন উপ-পরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দড়ি দিয়ে না বাঁধলে মোটর সাইকেল, প্রাইভেটকার থামিয়ে রাখায যায় না। তারা সিগন্যাল মানতে চায় না। উপরের স্যারের নির্দেশে এইভাবে কাজ চালাচ্ছি।”
এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের উপ কমিশনার (ঢাকা পশ্চিম) লিটন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক গাড়ি, বিশেষ করে মোটর সাইকেল সিগন্যাল অমান্য করে চলতে শুরু করে। এতে বিপরীত দিক থেকে আসা গাড়ির সাথে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করব। আপাতত দড়ি দিয়ে কাজ চালানো হচ্ছে।”
