২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা প্রবণ এলাকায় ৪০০ ‘মুজিব কিল্লা’

উপকূলীয় ও বন্যাপ্রবণ এলাকায় আশ্রয়কেন্দ্র হিসেবে ৪০০টি ‘মুজিব কিল্লা’ তৈরি এবং ৬০ হাজার বতসবাড়ি উঁচু করার পদক্ষেপ নিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2017, 11:07 PM

Updated : 19 Aug 2022, 03:58 PM

১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বঙ্গবন্ধু আমলে ঘূর্ণিঝড় ও বন্যাপ্রবণ এলাকায় নির্মিত আশ্রয় কেন্দ্রগুলোর নাম জাতির জনকের নামে দেওয়া হয়েছিল।

তখন উপকূলীয় ১০টি এবং বন্যাপ্রবণ দুটি জেলা থেকে ১৯৯টি মুজিব কিল্লার তথ্য পাওয়া যায় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ্ কামাল বলেন, উপকূলীয় ও বন্যা প্রবণ এলাকায় ৪০০টি মুজিব কিল্লা নির্মাণের সংস্থান রাখা হয়েছে।

“৪০টি জেলায় ৪০০টি মুজিব কিল্লায় মানুষ ও তাদের গৃহপালিত পশুর আশ্রয় কেন্দ্র হিসেবে নির্মাণ করা হবে। মুজিব কিল্লার সামনে একটি মাঠও থাকবে।”

ইতোমধ্যে ১১৭টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে, আরও ২২০টি আশ্রয়কেন্দ্র নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বন্যাকে সহনশীল করার দীর্ঘমেয়াদী উপায় ও পূর্ব প্রস্তুতি হিসেবে ভিজিএফ কর্মসূচির আওতায় ১৯টি জেলার ৬০ হাজার বসতবাড়ি উঁচু করার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

তিনি বলেন, “দুস্থ অসহায় পরিবার, সেখানে পরিবার প্রধান প্রতিবন্ধী অথবা ষাটোর্ধ্ব বয়সী যাদের সামর্থ্য নেই তাদের ঘর-বাড়ি উঁচু করে দেওয়া হবে। এর ফলে বন্যার সময় তাদের বেড়িবাঁধ বা অন্যান্য স্থানে আশ্রয়ের জন্য ছুটতে হবে না।”

এক হাজার বেদে পরিবারকে তাদের নৌকায় সোলার প্যানেল এবং গৃহহীন বাউলদের পরিবারকে বসতভিটা তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

মায়া বলেন, ওসমানী স্মৃতি মিলনায়তনে শুক্রবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে। দুর্যোগ প্রস্তুতি নিয়ে বিভিন্ন উদ্যোগ সেখানে দেখানো হবে।

এ বছর অনুষ্ঠানমালার মধ্যে দেশব্যাপী আলোচনা সভা, পোস্টার ও লিফলেট বিতরণ, ক্রোড়পত্র প্রকাশ, বিভিন্ন এলাকায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে মহড়া ইত্যাদি আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

বজ্রপাত একটি নতুন দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “বিশেষজ্ঞরা বলছেন, প্রচুর পরিমাণে তালগাছ ও নারকেল গাছ রোপণ করা হলে সেগুলো বজ্রনিরোধক দণ্ড হিসেবে কাজ করবে। এজন্য সরকারিভাবে সারাদেশে ১০ লাখ তালগাছের চারা রোপণ করা হচ্ছে।”

১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে ঘূর্ণিঝড়ের পর ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তান সরকারকে যে ২০ কোটি ডলার দিয়েছিল, ওই অর্থ ফেরত আনার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না- এক সাংবাদিক তা জানতে চান মন্ত্রীর কাছে।

জবাবে মায়া বলেন, “কঠিন জায়গায় নিয়ে গেছেন। অনেক কিছু স্মরণ করিয়ে দিয়েছেন। শুধু এই টাকা নয়, অনেক টাকাই আমরা তাদের কাছে পাওনা আছি। এটা নিয়ে ইতোমধ্যে কথা বলা শুরু হয়েছে।

“এটা অবশ্যই আমাদের দাবি, আমরা চাইব। এটা নিয়ে মাননীয় প্রধানমনন্ত্রীর সঙ্গে আমি কথা বলব। উনি কী ব্যবস্থা নেন, সেটা জেনে পরবর্তীতে জানাব।”

ঢাকার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৩২১টি ভবন অপসারণে কী উদ্যোগ নেওয়া হচ্ছে- জানতে চাইলে তিনি বলেন, “অপসারণ করবে সিটি করপোরেশন আর কারিগরি পদক্ষেপ নেবে রাজউক। পূর্ত মন্ত্রণালয়কে আমরা চিঠি দিয়েছি, সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারা কাজ করছে।”

তবে ওই ভবনগুলো সিলগালা করে দেওয়া হয়েছে বলে সেখানে কেউ থাকছে না বলে মন্ত্রী জানান।

“এরমধ্যে চারটি অপসারণের বিষয়ে মহামান্য আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। বাকিগুলো তারা করে যাচ্ছে। আমরা আশা করি অতিদ্রুত অপসারণ করা হবে।”

গত বছর এপ্রিলের পর থেকে ভবনগুলো সিলগালা অবস্থায় আছে এবং এরমধ্যে ১৭টি সরকারি ভবন রয়েছে, বাকিগুলো বেসরকারি বলে জানান মন্ত্রী।