২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আলোচনায় বসছেন ১৪ দেশের পুলিশ প্রতিনিধিরা

জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ আন্তঃদেশীয় অপরাধ দমনের বিষয় নিয়ে আলোচনা করতে ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হচ্ছেন ১৪টি দেশের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2017, 07:20 PM

Updated : 11 Apr 2022, 11:09 PM

আগামী রোববার থেকে তিনদিন ব্যাপী এই সম্মেলনে এসব দেশের মোট ৫৮ জন প্রতিনিধি যোগ দেবেন বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান মহা-পুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক।

পুলিশ সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই সম্মেলনের উদেশ্য হলো আন্তঃদেশীয় অপরাধ ও সন্ত্রাস দমনে অভিজ্ঞতা ও তথ্য বিনিময়, একটি সমম্বিত কৌশল প্রণয়ন, পুলিশ প্রধানদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্লাটফর্ম গঠন ও দক্ষিণ এশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে পেশাগত ও কৌশলগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং দ্বিপক্ষীয়ও আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করা।”

সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত,ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনামের আইনশৃঙ্খরা বাহিনীর প্রতিনিধিরা যোগ দেবেন বলে জানান তিনি।

এছাড়া ইন্টারপোল, ফেইসবুক, ‍যুক্তরাষ্ট্রের আইজিসিআই, এফবিআই, আসিয়ানপোল, আইসিআইটিএপি ইত্যাদি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত থাকবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রোববার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে সম্মেলনেরউদ্বোধন করবেন। সম্মেলন শেষ হবে ১৪ মার্চ (মঙ্গলবার)।

পুলিশপ্রধান বলেন, সম্মেলনের ১৪টি কর্ম অধিবেশনে বাংলাদেশ এবং সম্মেলনে অংশ গ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করবেন।

জঙ্গিবাদ দমন, মানবপাচার, অর্থনৈতিক অপরাধ এবং সন্ত্রাসী অর্থায়ন, মাদকদ্রব্য পাচাররোধ, অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়েসম্মেলনে আলোচনায় স্থান পাবে বলে তিনি জানান।

শহীদুল হক বলেন, সম্মেলন শেষে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনসহ আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধের কর্মপন্থা নির্ধারণ করে ‘যৌথ ঘোষণা’ স্বাক্ষর হবে।

সম্মেলন চলাকালে বাংলাদেশ পুলিশ প্রধান, ইন্টারপোল মহাসচিব ইয়ুর্গেন স্টক এবং বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন।