উচ্চ আদালতে কর সংক্রান্ত ২১ হাজার মামলা বিচারাধীন: আইনমন্ত্রী
উচ্চ আদালতে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর, শুল্ক ও মূসক অনুবিভাগের বিচারাধীন মামলার সংখ্যা ২১ হাজার ৩৯৭টি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার সংসদে সরকার দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর প্রশ্নের উত্তরে এ তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, “মামলাগুলো মধ্যে আয়কর সংক্রান্ত চার হাজার ৫৫টি, মূসক সংক্রান্ত তিন হাজার ৪৩২টি এবং শুল্ক সংক্রান্ত ১৩ হাজার ৯১০টি বিচারাধীন।
“তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এসব মামলা দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ গ্রহণ করেছে।”
এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, “বর্তমান সরকার বিচার কাজ ত্বরান্বিত করতে জেলা পর্যায়ে আদালতের সংখ্যা বাড়ানোর পদক্ষেপ গ্রহণ করেছে।
“আইন ও বিচার বিভাগ নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (সহায়ক কর্মচারীসহ) গঠনের বিষয়ে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে।”
প্রস্তাবটি অনুমোদনের জন্য বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে বলে জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, “এছাড়া সাতটি বিভাগে সাতটি সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, সাতটি সাইবার ট্রাইব্যুনাল, ১১২টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ২১৪টি সহকারী জজ আদালত, ৩৪৬টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক পদ এবং ১৯টি পরিবেশ আদালত ও ছয়টি পরিবেশ আপিল আদালত গঠনের কাজ প্রক্রিয়াধীন আছে।”
এসব আদালত গঠন হলে মামলা আরও দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল পৌনে ৫টায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
