নারী নেতৃত্বে ‘প্রশংসিত’ বাংলাদেশ
নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে ‘নারী নেতৃত্ব’ প্রতিষ্ঠিত হওয়ায় এশিয়া প্যাসিফিক আন্তঃসংলাপে প্রশংসিত হয়েছে বাংলাদেশ।
আন্তর্জাতিক নারী দিবসে বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকে এই সংলাপের আয়োজন করা হয়।
ইউএনওমেন এবং এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসকাপ আয়োজিত এ সংলাপে ইউএনএসকাপে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম সভাপতিত্ব করেন।
বাংলাদেশের ব্যাংকক মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংলাপের প্যানেল আলোচনায় বক্তারা বাংলাদেশ এবং ‘অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে নারীর ক্ষমতায়নে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিশ্ব অর্থনৈতিক ফোরাম প্রকাশিত বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদনে প্রতিবছর বাংলাদেশের অবস্থান উপরের দিকে তুলে ধরায়’ দেশটির নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে রাষ্ট্রপ্রধান হিসেবে থাকা ছয় নারীর একজন বাংলাদেশের হওয়ায়ও প্রশংসা করা হয়।
‘পরিবর্তনশীল কর্মবিশ্বে নারী: ২০৩০ সালের মধ্যে প্লানেট ৫০-৫০’ শীর্ষক এই আন্তসংলাপে অন্যদের মধ্যে প্যানেল আলোচক হিসেবে ইউএনএসকাপের নির্বাহী সচিব শামশাদ আক্তার, এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইউএনওমেন পরিচালক মিওয়া কাতো, থাইল্যান্ডে কানাডার রাষ্ট্রদূত ডোনিকা পটি এবং লিঙ্গ সমতা বিষয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বিশেষজ্ঞ জনি সিম্পসন উপস্থিত ছিলেন।
