জিয়া এতিমখানা মামলা: শুনানিতে খালেদাকে আরও সময়
অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে গেছে।
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার বৃহস্পতিবার মামলার ৩০ মার্চ দিন ঠিক করে দিয়েছেন।
এদিকে খালেদা জিয়ার আবেদনে সাড়া দিয়ে বুধবার হাই কোর্ট মামলাটি অন্য আদালতে স্থানান্তরের আদেশ দিয়েছে।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা দায়ের করা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে। তদন্ত শেষে দুদক ২০০৯ সালের ৫ অগাস্ট আদালতে অভিযোগপত্র দেয়।
তার পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৎকালীন তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায় অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরুর নির্দেশ দেন।
খালেদা জিয়া ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, খালেদার বড় ছেলে তারেক রহমান, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
খালেদা জিয়া, সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ এ মামলায় জামিনে আছেন। খালেদার বড় ছেলে তারেক রহমান গত নয় বছর ধরে দেশের বাইরে, তার বিরুদ্ধে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এছাড়া কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।
