‘বদরুলের সাজা, নারী দিবসের বিশেষ বার্তা’
সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে হত্যা চেষ্টার দায়ে ছাত্রলীগনেতা বদরুল আলমের যাবজ্জীবন সাজার রায়কে নারী দিবসের ‘বিশেষ বার্তা’ বলেছেন সংসদ সদস্য আমতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
বুধবার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সংসদে এক অনির্ধারিত আলোচনায় বলেন, “বদরুলের যাবজ্জীবন সাজার রায় বাংলাদেশের জন্য যুগান্তকারী রায়। এটি একটি সুখবর। এটি নারী দিবসের বিশেষ বার্তা।”
সিলেটে কলেজছাত্রী খাদিজাকে হত্যার চেষ্টার দায়ে ছাত্রলীগ নেতা বদরুল আলমের যাবজ্জীবন সাজার রায় বুধবার ঘোষণা করেন সিলেটের মহানগর দায়রা জজ।
গত বছর ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা।
খাদিজাকে কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়। ঢাকার স্কয়ার হাসপাতালে তিন দফা অস্ত্রোপচারের পর মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন খাদিজা। তবে শরীরের বাঁ পাশ স্বাভাবিক সাড়া না দেওয়ায় তাকে সাভারের সিআরপিতেও তিন মাস চিকিৎসা নিতে হয়।
সংসদ সদস্য কেয়া চৌধুরী বলেন, “এই রায়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। খাদিজাসহ সকল নারী আরও এগিয়ে যাক।”
পরে সংরক্ষিত আসনের আরেক এক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পি অনির্ধারিত আলোচনায় নারীর অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের সাফল্য তুলে ধরেন।
