২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্র করেছিলেন জিয়া’

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেনাবাহিনী থেকে রাষ্ট্র ক্ষমতায় আসা জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পরিবর্তনের ষড়যন্ত্র করেছিলেন বলে দাবি করেছেন সরকারদলীয় এক সংসদ সদস্য।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2017, 06:09 PM

Updated : 19 Aug 2022, 03:57 PM

বুধবার সংসদে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন ও পরবর্তী কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে একথা বলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের মেয়ে মাহজাবিন খালেদ।

তিনি বলেন, জিয়া বাংলাদেশ বেতারের নাম পরিবর্তন করে পাকিস্তানের মত রেডিও বাংলাদেশ নাম দেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় মাহজাবিন খালেদ বলেন, “রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পর খুনি জিয়া দেশকে পুনরায় মিনি পাকিস্তান বানানোর অপচেষ্টায় লিপ্ত হন। তিনি ছিলেন মুক্তিযোদ্ধা নামে পাকিস্তানি এজেন্ট।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

অধ্যাপক আহমদ শরীফকে উদ্ধৃত করে তিনি বলেন, “জিয়াউর রহমানও ছিলেন মুক্তিযোদ্ধা, কিন্তু তার ছিল পাকিস্তান প্রীতি।”

১৯৭৫ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর খন্দকার মোশতাককে সামনে রেখে দেশের ক্ষমতার নিয়ন্ত্রক হয় সেনাবাহিনী। সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান।

এর আড়াই মাস পর জিয়াকে গৃহবন্দি করে সেনাবাহিনীর দায়িত্ব নেন খালেদ মোশাররফ। ৭ নভেম্বর জাসদ নেতা কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আবারও ক্ষমতা কেন্দ্রে আসেন জিয়া।

সংসদে মাহজাবিন বলেন, “জিয়ার শাসনামলেই ৭৭ সালে রেসকোর্স ময়দানে এক অনুষ্ঠানে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান ও পাকিস্তানি পতাকা অনেকের হাতেই দেখা গেছে।

“পাকিস্তান সফরে গেলে আলোচনা উঠে বাংলাদেশকে পাকিস্তানের সাথে কনফেডারেশন করা যায় কিনা। তার দলের অধিকাংশ নেতাই ছিল পাকিস্তানপন্থি এবং রাজাকার।”

মাহজাবিন বলেন, “আমার বাবাও পঁচাত্তরে জিয়া চক্রের হাতে জীবন দিয়েছেন। আমিও থামব না, আমিও জননেত্রী শেখ হাসিনার সাথে একাত্ব হয়ে খালেদা জিয়ার চক্রের বিরুদ্ধে লড়ব।”