২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ার সাবেক উপাচার্যসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

ইউজিসির অনুমোদন ছাড়া ৩৮৯ পদে নিয়োগের এক মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল জলিল মিয়াসহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2017, 06:04 PM

Updated : 11 Apr 2022, 11:09 PM

বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেওয়া হয় বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান আলী মণ্ডল, ছাত্র উপদেষ্টা (পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক) এ টি জি এম গোলাম ফিরোজ, সহকারী রেজিস্ট্রার মো. মোর্শেদ উল আলম ও সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার আশরাফুল আলম।

প্রণব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আসামিরা নিজেরা লাভবান ও অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে অননুমোদিত ৩৮৯ পদে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে লোক নিয়োগ দেয়।”

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত অধ্যাপক ড. আব্দুল জলিল মিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকাকালীন ওই সব নিয়োগ দেওয়া হয় বলে জানান তিনি।

“বিজ্ঞপ্তির বাইরে প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করে বাজেট বরাদ্দ ছাড়াই অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ের খাত থেকে ৮৯ লাখ ৭৯ হাজার ৬২০ টাকা বেতন-ভাতা দেওয়া হয়, এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে,” বলেন দুদক কর্মকর্তা প্রণব।

এসব অভিযোগে ২০১৩ সালের ১২ ডিসেম্বর রংপুর কোতোয়ালি থানায় দুদকের উপ-পরিচালক মো. আব্দুল কমির মামলা করেন জানিয়ে তিনি বলেন, উপ-সহকারী পরিচালক মো. আকবর আলী মামলাটি তদন্ত করেন।