নারীরা এখনও অরক্ষিত, খাদিজাই প্রমাণ: আদালত
সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে হত্যাচেষ্টার দায়ে ছাত্রলীগ নেতা বদরুল আলমের যাবজ্জীবন সাজার রায় এ দেশে নারীর সুরক্ষায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন রায়দাতা বিচারক।
আন্তর্জাতিক নারী দিবসে বুধবার এই রায় দিয়ে সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা তার পর্যবেক্ষণে বলেছেন, “এদেশে নারীরা এখন আর নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া কথিত অন্দরমহলের অবরোধবাসিনী নন। তবে এখনও অনেকটা অরক্ষিত। খাদিজার ঘটনা তাই প্রমাণ করে।”
নারীরা ‘পদে পদে নিগৃহিত, নির্যাতিত, হত্যা ও যৌন নিপীড়নের শিকার’ হচ্ছে উল্লেখ করে বিচারক এ জন্য সমাজের ‘পুরুষতান্ত্রিক মানসিকতাকে’ দায়ী করেন।
গতবছর ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের ধারালো অস্ত্রের আঘাতে খাদিজার মাথার খুলি ভেদে করে মস্তিষ্ক জখম হয়।
আসামি বদরুলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সাজা দেওয়া হয়েছে এই রায়ে।
৩০ পৃষ্ঠার এই রায়ে আদালত খাদিজাকে ‘অলৌকিকভাবে বেঁচে যাওয়া এক কিংবদন্তি নারী’ হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, “প্রেমে প্রত্যাখ্যাত পাষণ্ডের চাপাতির আঘাতে ক্ষত-বিক্ষত খাদিজা দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর কাছে হেরে যায়নি। সে বিশ্ব নারী সমাজের প্রতিভূ, বিজয়িনী, প্রতিবাদকারিনী।’’
বিচারক তার পর্যবেক্ষণে বলেন, দেশের প্রধানমন্ত্রী ও স্পিকার নারী। সর্বস্তরে যখন নারীরা সাফল্য নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেখানে তারা এখনও অরক্ষিত, নির্যাতিত।
আসামি বদরুল ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক
এ মামলায় দেওয়া সাক্ষ্যে খাদিজা বলেছিলেন, পাঁচ-ছয় বছর আগে তাদের বাড়ির ‘লজিং মাস্টার’ ছিলেন বদরুল। তখন থেকেই তাকে উত্যক্ত করে আসছিলেন ওই তরুণ।
এ আদালতের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ জানান, দণ্ডবিধির ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারায় আসামি বদরুলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। প্রত্যক্ষদর্শীরা আদালতে সাক্ষ্য দেওয়ায় দ্রুত বিচার শেষ করা সম্ভব হয়েছে।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, “আজ আন্তর্জাতিক নারী দিবস। এই দিবসে খাদিজাকে নৃশংস ও বর্বরোচিতভাবে কোপানোর অভিযোগে আসামি বদরুলের যথোপযুক্ত শাস্তি নারীদের সুরক্ষায় তাৎপর্যপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
সকালে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয় আসামি বদরুলকে। সাজার রায়ের পর আবার তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
রায়ের পর খাদিজা তার বাড়িতে সাংবাদিকদের বলেন, “ন্যায়বিচার পেয়েছি। আমি সবার কাছে কৃতজ্ঞ। সবার সহযোগিতায় পুনরুজ্জীবন লাভ করতে পেরেছি। অনেক শুকরিয়া।”
দেশের আর কোনো নারী যেন এ রকম হামলার শিকার না হয়- সেই প্রত্যাশার কথাও বলেন এই তরুণী।
